কাল থেকে পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা, শিশু এবং কিশোর-কিশোরীদের বিশেষ সেবা দিতে আগামীকাল শনিবার থেকে ১২ নভেম্বর পর্যন্ত বিশেষ সেবা সপ্তাহ পালন করবে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। এবারের সেবা সপ্তাহের স্লোগান ‘প্রসব-পরবর্তী পরিবার পরিকল্পনাপদ্ধতি গ্রহণ করুন, অপরিকল্পিত গর্ভধারণ রোধ করুন’। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আনুষ্ঠানিকভাবে সেবা সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন।

বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রতিবছর ৩১ লাখ মা সন্তান জন্ম দেন। তাঁদের মধ্যে ১১ লাখ হাসপাতাল, ক্লিনিক ও সেবাকেন্দ্রে আসেন। এসব মায়ের জন্য উপযুক্ত পরিবার পরিকল্পনাপদ্ধতি নিতে সাহায্য করা হবে এই সপ্তাহে। তিনি আরও বলেন, সেবা সপ্তাহে পরিবার পরিকল্পনা স্থায়ী ও দীর্ঘমেয়াদি পদ্ধতি গ্রহীতার সংখ্যা ৩০ শতাংশ পর্যন্ত বাড়ে।

চর, হাওর-বাঁওড় ও শহর থেকে অনেক দূরের জায়গাগুলোয় বিশেষ নজর দেওয়া হচ্ছে কি না, এমন প্রশ্নের উত্তরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক নূর হোসেন তালুকদার বলেন, এনজিওর সহযোগিতায় এ জায়গাগুলোয় প্রচারে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, চট্টগ্রাম, বৃহত্তর নোয়াখালী ও সিলেট অঞ্চলে পরিবার পরিকল্পনা কার্যক্রম এগোতে পারছে না।

সংবাদ সম্মেলনে বলা হয়, সেবা সপ্তাহে মায়েদের পাশাপাশি শিশুরাও সেবা পেত। এ বছরই প্রথম সেবা সপ্তাহে কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা দেওয়ার বিষয়টি যুক্ত হচ্ছে। স্কুল স্বাস্থ্য কর্মসূচি ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর বাল্যবিবাহ, কিশোরীদের মাসিকের সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার উপায় ইত্যাদি সম্পর্কে কিশোরীদের তথ্য দিয়ে থাকে। এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুর-উল-ইসলাম বলেন, দেশের জনসংখ্যার প্রায় ৩০ শতাংশের বয়স ১৩-১৯ বছরের মধ্যে। তবে সেবা সপ্তাহে ঠিক কত কিশোর-কিশোরী সেবা পাবে তার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়নি।