কাল থেকে পাবনায় পরিবহন ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাতির অভিযোগে গাজীপুরের কালিয়াকৈরে পাবনা মোটর শ্রমিক ইউনিয়নের এক চালককে গ্রেপ্তারের প্রতিবাদে এবং তাঁর মুক্তির দাবিতে আগামীকাল ২৮ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।
পুলিশের বিরুদ্ধে মহাসড়কে মোটরযান শ্রমিক-মালিকদের হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ তুলে এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে পাবনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি, ট্রাক মালিক গ্রুপ এবং জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন। গতকাল বৃহস্পতিবার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে চারটি সংগঠনের নেতারা যৌথভাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ ও দাবির কথা জানান।
লিখিত বক্তব্যে শ্রমিক ও মালিক সমিতির নেতারা দাবি করেন, গত ২১ অক্টোবর গাজীপুরের কালিয়াকৈর থানার পুলিশ ডাকাতির মিথ্যা মামলা সাজিয়ে পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য ও তিতাস পরিবহনের চালক আবদুল মতিনকে গ্রেপ্তার করে। রিমান্ডে নিয়ে তাঁর ওপর অমানুষিক নির্যাতন চালায়। এরপর তাঁকে আদালতে পাঠানো হয়। মোটর মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে বিষয়টি পাবনা জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানোর পর প্রশাসন তাঁর জামিনের বিষয়ে আশ্বাস দেয়, কিন্তু তাতে কোনো কাজ হয়নি।
এ কারণে ১৯ নভেম্বর শ্রমিকেরা পরিবহন ধর্মঘটের ডাক দেন। এরপর পাবনার প্রশাসন চালক মতিনের জামিনের বিষয়ে আবার আশ্বাস দিলে শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহার করেন। কিন্তু এ পর্যন্ত তাঁর জামিন হয়নি। তাই পাবনা জেলা বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক-মালিকদের চারটি সংগঠন যৌথভাবে বৈঠক করে ২৮ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে।