কাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু
কাল মঙ্গলবার থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। খুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে সবচেয়ে বড় এ পাবলিক পরীক্ষায় ২৪ লাখ ৮৮ হাজার ১৪৮ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষায় ছেলেদের চেয়ে বেশিসংখ্যক মেয়ে অংশ নিচ্ছে। এবারের পরীক্ষার্থীদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ৮৭৮ জন।গতকাল রোববার সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন পরীক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় তিনি পরীক্ষার সময় হরতাল না ডাকতে বিরোধী দলের প্রতি অনুরোধ জানান। প্রাথমিক ও গণশিক্ষাসচিব আবদুল আউয়াল মজুমদার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার দেশের বিভিন্ন বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীর ২১ লাখ ৫৭ হাজার ১৫ জন পরীক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনী আর সমমানের তিন লাখ ৩১ হাজার ১৩৩ জন মাদরাসা শিক্ষার্থী ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে। ছাত্রীসংখ্যা বেশি: এবার প্রাথমিক ও ইবতেদায়ি দুই দিকেই ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা বেশি। প্রাথমিক শিক্ষা সমাপনীতে ১১ লাখ ৪৯ হাজার ৯৬০ জন ছাত্রী অংশ নিচ্ছে, যা মোট পরীক্ষার্থীর অর্ধেকেরও বেশি। আর ছাত্র ১০ লাখ সাত হাজার ১০৮ জন। ইবতেদায়ি পরীক্ষায়ও মোট পরীক্ষার্থীর অর্ধেকের বেশি ছাত্রী (এক লাখ ৭৬ হাজার ৩৮২ জন)। আর ছাত্র এক লাখ ৫৪ হাজার ৭৫১ জন।পরীক্ষাকেন্দ্র: মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছয় হাজার। এর মধ্যে দুর্গম কেন্দ্রের সংখ্যা ১৬৬টি। এবার দেশের বাইরে সাতটি কেন্দ্র থেকে পরীক্ষার্থীরা অংশ নেবে। দেশের বাইরে পরীক্ষার্থীর সংখ্যা ৩৬৬ জন। এর মধ্যে ছাত্র ১৭০ ও ছাত্রী ১৯৬ জন। দেশের বাইরে রিয়াদ, জেদ্দা, আবুধাবি, কাতার, ত্রিপলি, সিঙ্গাপুর ও বার্লিনেও পরীক্ষা অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা: সমাপনী পরীক্ষাকেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা পরিচালনা করতে ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ অনুযায়ী পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরীক্ষা চলাকালে এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন।