কাল থেকে বন্ধ ব্যাটারি রিকশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রীদের নিরাপত্তা ও যানজট নিরসনের জন্য কাল রোববার থেকে রাজশাহী নগরে দুই আসনের ব্যাটারিচালিত রিকশা বন্ধ ঘোষণা করা হয়েছে। রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে গতকাল শুক্রবার স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে এ ঘোষণা দেওয়া হয়।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, করপোরেশনের ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে এক সাধারণ সভায় এই রিকশাগুলোর নিবন্ধন বাতিল করা হয়। সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিজাম উল আযীম জানান, এই রিকশার গতি নিয়ন্ত্রণ করা যায় না। এতে যাত্রীরা প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছে। অনেকেই পঙ্গু হচ্ছেন। নগরে ৫ হাজার ৪০০টি দুই আসনের ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন ছিল। এগুলোর নিবন্ধন ওই সাধারণ সভায় বাতিল করা হয়। তারপর রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এই রিকশা মালিকদের পক্ষে সময় চেয়ে অনুরোধ করেছিলেন। তাঁরা বলেছিলেন, এই রিকশার মালিকেরা অনেকেই এনজিও থেকে ঋণ নিয়ে রিকশা কিনেছেন। তাঁদের ঋণ পরিশোধ করার সময় দিতে হবে। সে জন্য তাঁদের চলতি বছরের ৩১ ডিসেম্বর তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তিনি বলেন, নগরের যানজট নিরসনে ইতিমধ্যে ছয় আসনবিশিষ্ট দুই হাজার অটোরিকশার নিবন্ধন বাতিল করা হয়েছে। এখন নগরে নিবন্ধন করা এই রিকশা রয়েছে ৬ হাজার ৫০০টি। এর বেশি থাকলে তা অবৈধ। পর্যায়ক্রমে ছয় আসনের সব অটোরিকশার নিবন্ধন বাতিল করা হবে।

গতকাল শুক্রবার রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে স্থানীয় কাগজগুলোতে একটি জরুরি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এতে বলা হয়, আগের নির্দেশনা অনুযায়ী ৩১ ডিসেম্বরের পর ব্যাটারিচালিত দুই আসনবিশিষ্ট কোনো রিকশা চালানো যাবে না। কোনো মালিক বা চালক এ আদেশ অমান্য করলে তাঁর রিকশা আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল পত্রিকায় বিজ্ঞাপন দেখার পর নগরের রানিবাজার এলাকার রিকশাচালক আশরাফুল ইসলামের (৬৫) সঙ্গে কথা হয়। তিনি রিকশা বন্ধের খবর ইতিমধ্যে জেনে গেছেন। রিকশা বন্ধ হওয়ার পর কী করবেন জানতে চাইলে তিনি বলেন, আইয়ুব খানের আমল থেকে রিকশা চালাচ্ছেন। বয়স হওয়ায় আর পায়ে ঠেলা রিকশা চালাতে পারেন না। এখন বন্ধ হলে আর পাঁচজনের যা হবে তাঁরও তাই হবে।

কথা হয় পায়ে ঠেলা রিকশাচালক জালাল উদ্দিনের (৭০) সঙ্গে। তাঁর বাড়ি নগরের খরবোনা এলাকায়। ব্যাটারির রিকশা বন্ধের কথা শুনে তিনি বলেন, সিটি করপোরেশন তো খালি বলেই, বন্ধ তো করে না। তিনি বলেন, রিকশার ব্যাটারি চার্জ দিতে অনেক বিদ্যুৎ খরচ হয়। তা ছাড়া এই রিকশা ঝুঁকিপূর্ণ। এগুলো যত দ্রুত বন্ধ করা যায়, ততই মঙ্গল।