রাজশাহী সিটি করপোরেশনের বর্তমান পরিষদের তিন বছর পূর্তি উপলক্ষে কাল সোমবার থেকে তিন দিনব্যাপী বর্ণাঢ্য উৎ সবের আয়োজন করা হয়েছে। করপোরেশনের রাজস্ব খাত থেকে এ উপলক্ষে ১৮ লাখ ৬৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।গতকাল শনিবার নগরের সরিৎ দত্ত গুপ্ত সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র এ এইচ এম খায়রুজ্জামান তিন দিনব্যাপী অনুষ্ঠানসূচি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে নগরের স্বাস্থ্য, শিক্ষা, যানজট ও রাস্তাঘাট নিয়ে যখন নানা সমস্যা রয়েছে, সেই মুহূর্তে করপোরেশনের রাজস্ব খাত থেকে এই ব্যয়ের যৌক্তিকতা কী—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘আমরা দায়িত্ব গ্রহণের সময় সিটি করপোরেশনের দেনার পরিমাণ ছিল প্রায় ১৭ কোটি টাকা। তাই কর্মচারীদের সময়মতো বেতন দেওয়া যেত না। মোট দেনা ও দায়ের প্রায় ১৩ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। এখন মানসম্মত রাস্তা ও অন্যান্য অবকাঠামো নির্মিত হচ্ছে। কর্মচারীরা নিয়মিত বেতন পাচ্ছেন।’