কাল থেকে বিয়ে উৎসব, আপনার নিমন্ত্রণ

বিয়ে মানে যে শুধু দুজন মানুষের নতুন জীবনের শুরু তা তো নয়, দুটি পরিবারও জড়িয়ে যায় নতুন বন্ধনে। বিয়ের আনুষ্ঠানিকতায় যোগ দেন আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পাড়া-প্রতিবেশী। উৎসবমুখর আয়োজনে শুরু হয় দুজন মানুষের জীবনের নতুন অধ্যায়। এই বিয়ের আয়োজন, নানা কিছু জোগাড় করা কিন্তু সহজ নয়। কঠিন এই কর্মযজ্ঞকে সহজ করে দিতে রাজধানীতে আগামীকাল ও পরশু আবারও আয়োজন করা হয়েছে সানসিল্ক-নকশা বিয়ে উৎসব।
‘বিয়ের বাজার দেশেই’ প্রতিপাদ্য নিয়ে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ওয়েসিস মাঠে কাল মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হবে দুই দিনব্যাপী বিয়ে উৎসবের মেলা। চতুর্থবারের মতো আয়োজিত এই বিয়ে উৎসবের পুরো প্রাঙ্গণ সাজানো হবে বিয়েবাড়ির রঙিন আবহে। ব্যান্ড পার্টির বাদ্যবাজনার মধ্যে বিয়ের গেটের ফিতা কেটে নায়ক নিরব ও তাঁর স্ত্রী ঋদ্ধি এবং সদ্য বিবাহিত মডেল দম্পতি ইমি ও আজমী উৎসবের উদ্বোধন করবেন। ইউনিলিভারের ব্র্যান্ড সানসিল্ক এবং প্রথম আলোর মঙ্গলবারের ক্রোড়পত্র ‘নকশা’ বিয়ে উৎসবের আয়োজক। সম্প্রচার সহযোগী হিসেবে আছে চ্যানেল আই।
বিয়ের জন্য প্রয়োজনীয় নানা অনুষঙ্গ নিয়ে দেশি প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন ও স্টল থাকবে উৎসব মেলায়। হাল নকশার বিয়ের পোশাক, গয়না, জুতা যেমন থাকবে, তেমনই প্রদর্শনীতে থাকবে বিয়ের খাবার, সাজ, আলোকচিত্র, অনুষ্ঠান আয়োজন, অনুষ্ঠানের জায়গা, মধুচন্দ্রিমায় বেড়ানো, পাঁচ তারকা হোটেলের বিশেষ প্যাকেজ ইত্যাদি। প্রতিটি প্রতিষ্ঠানই
বিয়ে উৎসবে তাদের পণ্য ও সেবায় দেবে বিশেষ সুবিধা।
উদ্বোধনের পর থেকেই উৎসব প্রাঙ্গণ ওয়েসিসের মঞ্চে থাকবে নানা আয়োজন। সানাইশিল্পী মুরাদ বাজাবেন বিয়ের সানাই, ময়মনসিংহের উদীচী শিল্পীগোষ্ঠী ও নারায়ণগঞ্জের একটি দল পরিবেশন করবে বিয়ের গীত, সমীর কাওয়াল ও তাঁর দল শোনাবেন কাওয়ালি। ঐতিহ্যবাহী পালকি, ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টিও থাকবে বিয়ে উৎসবে।
আগামীকাল বিকেল তিনটায় উৎসবের উন্মুক্ত মঞ্চে বিয়ের পোশাক, রূপসজ্জা, বিয়ের প্রস্তুতি ও বিয়ের ছবি নিয়ে বিশেষজ্ঞরা দর্শকদের সঙ্গে কথা বলবেন, দেবেন পরামর্শও। এ ছাড়া এই মঞ্চে আরও চমক থাকবে।
সানসিল্ক-নকশা বিয়ে উৎসবের মেলা দর্শকদের জন্য উন্মুক্ত। কাল ও পরশু দুদিনই সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মেলা খোলা থাকবে। বুধবার সন্ধ্যায় শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য বিয়ের দেশি সাজপোশাকের ফ্যাশন শো এবং সাংস্কৃতিক আয়োজন দিয়ে শেষ হবে এবারের বিয়ে উৎসব।