কাল থেকে ভর্তি পরীক্ষা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা কাল রোববার থেকে শুরু হচ্ছে। আগামীকাল সকালে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ও বিকেলে ‘জে’ ইউনিটের (বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউট) পরীক্ষা হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও বাইরের ছয়টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। সকাল সাড়ে ১০টায় ‘এ’ ইউনিটের এবং বেলা আড়াইটায় ‘জে’ ইউনিটের পরীক্ষা শুরু হবে।
ভর্তি পরীক্ষা কমিটির সচিব এস এম আকবর হোছাইন প্রথম আলোকে বলেন, পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি শেষ করা হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের তথ্য শাখার ডেপুটি রেজিস্ট্রার ফরহাদ হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধায় শাটল ও ডেমু ট্রেনের সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, ভর্তি পরীক্ষার সময় নগরের বটতলী রেলওয়ে স্টেশন থেকে ভোর সোয়া ৬টা, সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টা, দুপুর ১২টা, বেলা ৩টা, বিকেল ৪টা এবং রাত সাড়ে ৮টায় শাটল ট্রেন ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে যাবে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সকাল ৭টা ২৫ মিনিট, ৯টা, বেলা ১টা ৫ মিনিট, দেড়টা, বিকেল ৪টা ৫০ মিনিট, সাড়ে ৫টা ও রাত ৯টা ৪০ মিনিটে শাটল ট্রেন বটতলী স্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে।
এ ছাড়া এক জোড়া ডেমু ট্রেন প্রতিদিন সকাল সাড়ে ৯টা ও দুপুর সাড়ে ১২টায় বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং বেলা ১১টা ও আড়াইটায় ক্যাম্পাস থেকে শহরের উদ্দেশে যাত্রা করবে।