কাল থেকে সরকার অবৈধ: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেসক্লাবে শিক্ষক-কর্মচারী ঐক্যপরিষদের অনুষ্ঠানে খালেদা জিয়া। ছবি: মনিরুল আলম
প্রেসক্লাবে শিক্ষক-কর্মচারী ঐক্যপরিষদের অনুষ্ঠানে খালেদা জিয়া। ছবি: মনিরুল আলম

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, কাল থেকে সরকার অবৈধ। এ ‘অবৈধ’ সরকারের বিরুদ্ধে আন্দোলন করা নাগরিক দায়িত্ব উল্লেখ করে তিনি সবাইকে আন্দোলনে নামার আহ্বান জানান।
আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিএনপি-সমর্থিত শিক্ষকদের সংগঠন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসমাবেশে খালেদা জিয়া এ আহ্বান জানান। চাকরি জাতীয়করণসহ কয়েকটি দাবিতে এ মহাসমাবেশের আয়োজন করা হয়।
বিরোধীদলীয় নেতা সরকারের উদ্দেশে বলেন, ‘আজকের পর থেকে আপনার সরকার বৈধ নয়। আপনারা অবৈধ সরকার।’
সরকারের আহ্বান অনুযায়ী বিএনপি নির্দলীয় সরকারের ফর্মুলা দিয়েছে এবং সংসদে গিয়ে তা উপস্থাপন করেছে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘বল এখন আপনাদের কোর্টে।’ তাঁর প্রস্তাবিত নির্দলীয় সরকারের উপদেষ্টাদের নির্বাচিত করে নিয়ে এলে কোনো সমস্যা থাকবে না বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, এখনো দেশে শিক্ষিত, নিরপেক্ষ মানুষ আছে।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কাল শুক্রবার সমাবেশ করার কথা জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘ধানাইপানাই না করে অবিলম্বে মিটিং করার পারমিশন দেবেন। আমরা আইন মানি। সমাবেশে বাধা সৃষ্টি করবেন না। বাধা সৃষ্টি করতে চাইলে দায় আপনাদেরই নিতে হবে। আমরা অশান্তি চাই না।’
নয়াপল্টনের সমাবেশে সবাইকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘আজ বেশি কথা বলব না। কাল পার্টি অফিসের সামনে জনসভা আছে। সেখানে বক্তব্য দেব।’

তবে খালেদা জিয়া যখন এ বক্তব্য রাখছিলেন, ঠিক সেই মুহূর্তে বিএনপিকে কাল শুক্রবার বেলা দুইটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে খালেদা জিয়া আবারও বলেছেন, এ ছাড়া কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না।

সরকারের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘আপনারা ক্ষমতা স্থায়ী করতে বাকশাল করেছিলেন, থাকতে পারেননি। এখন বলছেন, সংবিধান থেকে নড়বেন না। নিজেদের অধীনে নির্বাচন করবেন। এ চিন্তা ছেড়ে দিন, ভুলে যান।’ তিনি বলেন, এ সরকার যা করেছে, তাঁরা ক্ষমতায় গেলে তা করবেন না বা কোনো প্রতিশোধ নেবেন না। তিনি সব ক্ষমা করে দিয়েছেন।

শিক্ষকদের মূল দাবি চাকরি জাতীয়করণের বিষয়ে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘এখন আশ্বাস দেওয়ার সময় নয়। আপনাদের সময় সহযোগিতা করার। বিএনপি ক্ষমতায় গেলে সবার সমস্যা সমাধান করা হবে।’

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘আপনারা বড়াই করেন, অনেক কাজ করেছেন। অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন। এত জনপ্রিয় হলে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেন।’

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাসসহ শিক্ষক ও পেশাজীবী নেতারা মহাসমাবেশে বক্তব্য দেন।