কাল থেকে রংপুর বিভাগে পরিবহন ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে আজ রোববার রাতে মোটর মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে হামলা ও দুটি মোটর সাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে কাল সোমবার সকাল ছয়টা থেকে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।

রংপুর বিভাগের আট জেলায় এই পরিবহন ধর্মঘট পালিত হবে বলে মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ প্রথম আলোকে জানিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোটর শ্রমিক ইউনিয়ন ও মোটর মালিক সমিতির মধ্যে রাত সাড়ে আটটায় ও সাড়ে নয়টায় দুই দফা ধাওয়া পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ইটপাটকেল নিক্ষেপে তিন পুলিশ কনস্টেবলসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। এসময় মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও ৩৫টি রাবার বুলেট ছুড়েছে। এ প্রতিবেদন লেকা পর্যন্ত বাস টার্মিনালে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। সেখান ব্যাপক পুলিশ মোতায়েন আছে।

এ ব্যাপারে মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ অভিযোগ করে জানান, মালিক পক্ষের লোকজন শ্রমিক ইউনিয়নের কার্যালয় ভাঙচুর করে শ্রমিকদের আহত করেছে। তারা দুটি মোটরসাইকেলে আগুন দিয়েছে। এ পরিস্থিতিতে রংপুর বিভাগের আট জেলায় কাল সোমবার সকাল ছয়টা থেকে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

এদিকে মোটর মালিক সমিতির সভাপতি আবু আজগর আহমেদ রাত সাড়ে ১০টার দিকে প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনার সঙ্গে মোটর মালিকেরা জড়িত নয়। তাদের নিজেদের মধ্যে গন্ডগোল হয়েছে। খামাখা আমাদের কালার (জড়ানোর) করার চেষ্টা করা হচ্ছে।’

কোতয়ালী থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মিজানুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও লাঠিচার্জ করা হয়েছে। বাস টার্মিনালে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।