কাল থেকে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের অধিবেশন
কাল থেকে যশোরে শুরু হচ্ছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ঊনত্রিংশ বার্ষিক অধিবেশন। ৬ মার্চ পর্যন্ত যশোর শহরে এ অধিবেশনের আয়োজন করা হয়েছে। রবীন্দ্রচিত্রকলার সঙ্গে জনসাধারণের পরিচিতি ঘটানোর লক্ষ্যে ‘কবিগুরু রবীন্দ্রনাথের আঁকা শত ছবির প্রদর্শনী’র আয়োজন থাকছে এবারের সম্মেলনে। গুণীজন হিসেবে সম্মাননা জানানো হচ্ছে যশোরের প্রবীণ শিক্ষক গৌরগোপাল হালদারকে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এবার ৬৫টি শাখার মধ্যে অন্তত ৫০টি শাখার ২৫০ প্রতিনিধি এবং ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ৩০০ শিল্পী যশোর সম্মেলনে অংশগ্রহণ করবেন। সম্মেলনের দ্বিতীয় দিন সকালে মহাকবি মাইকেল মধুসূদনের জন্মস্থান সাগরদাঁড়িতে প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সেমিনারের বিষয় সংস্কৃতি সমন্বিত শিক্ষা। মূল প্রবন্ধ রচনা করেছেন আহমদ মোস্তফা কামাল। আলোচনা করবেন অধ্যাপক অসিতবরণ ঘোষ ও অধ্যাপক মতীন্দ্র সরকার। রবিরশ্মিতে আলোচনায় অংশগ্রহণ করবেন বরেণ্য কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ও অধ্যাপক সুব্রত মজুমদার। কবিগুরু রবীন্দ্রনাথের আঁকা ‘শতছবির প্রদর্শনী’র উদ্বোধন করবেন শিল্পী মুস্তাফা মনোয়ার। মুক্তিযোদ্ধা মোহাম্মদ শফির তোলা মুক্তিযুদ্ধের ছবির প্রদর্শনীর উদ্বোধন করবেন ভাস্কর মো. হামিদুজ্জামান খান। ১৯৯৮ সালে যশোরের বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনে বর্বরোচিত বোমা হামলায় নিহত ও আহত ব্যক্তিদের ছবি প্রদর্শনী উদ্বোধন করবেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ কর্তৃক এযাবত্কাল প্রকাশিত সব পোস্টার এবং সংগীত-সংস্কৃতি প্রকাশনার উদ্বোধন করবেন শিল্পী আবদুল মান্নান। গতকাল সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, সন্জীদা খাতুন, সারোয়ার আলী, সোহরাব উদ্দীন, প্রমুখ।লালন স্মরণ উত্সবকুষ্টিয়া প্রতিনিধি জানান, রোববার থেকে কুষ্টিয়ায় শুরু হওয়া পাঁচ দিনব্যাপী বার্ষিক লালন স্মরণ উত্সবের তৃতীয় দিন সন্ধ্যায় লালন একাডেমি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরিচালক কামাল লোহানী। প্রধান আলোচক হিসাবে বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি শেখ রজিকুল ইসলাম। ‘বাড়ির পাশে আরশীনগর, মানুষ ছাড়া ক্ষেপারে তুই কুল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, সত্য বল সুপথে চল, এলাহি আলামীন গো আলা বাদশা আলমপনা তুমি’—এরকম অসংখ্য লালনসংগীতের সুরের মূর্ছনা রাতে লালন একাডেমির শিল্পী ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বাউলেরা পরিবেশন করেন।বাংলায় গাইবে বিশ্ব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ করে ‘বাংলায় গাইবে বিশ্ব’ এ স্লোগান নিয়ে আয়োজিত প্রথম আন্তর্জাতিক সংগীত উত্সবে গতকাল ছিল দ্বিতীয় দিন। বিকেল সাড়ে পাঁচটায় শুরু হওয়া উত্সবে বাংলাদেশসহ ১৫টি দেশের খ্যাতিমান সংগীত তারকারা বাংলাদেশের ভাষাশহীদদের গভীর আত্মদানের স্মৃতি স্মরণে গান করেন। শেরেবাংলা নগর আন্তর্জাতিক বাণিজ্য মেলা মাঠে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই গান করেন ভারতের কণ্ঠশিল্পী রাধা বন্দোপাধ্যায়। তিনি গাইলেন ‘তুমি যে সুরের আগুন’ শিরোনামের রবীন্দ্রসংগীতটি। এরপর এলেন ভারতীয় জনপ্রিয় শিল্পী রুপঙ্কর। শোনালেন নিজের গাওয়া কয়েকটি গান। একে একে সংগীত পরিবেশন করেন আরতী মুখোপাধ্যায়, বাপ্পি লাহিড়ী, পাকিস্তানের আলমগীর, সিঙ্গাপুরের নাদিয়া, কানাডার পি নায়ার, আমেরিকার আলেকসান্দ্রা, বাংলাদেশের সায়ান, শহীদ, বালাম, ব্যান্ডদল দূরবীন ইত্যাদি।নাট্যচক্রের স্মৃতি বৃত্তি প্রদান কালনাট্যকলায় অধ্যয়নরত শিক্ষার্থীদের উত্সাহিত করতে এবং দেশের নিয়মিত গ্রুপ থিয়েটার চর্চায় নিয়োজিত নাট্যকর্মীদের মধ্যে সেতুবন্ধ তৈরির উদ্দেশ্যে নাট্যচক্র প্রবর্তন করেছে স্মৃতিবৃত্তি। গত ২০০৩ সাল থেকে সার্জেন্ট আহাদ পারভেজ এবং মুজিবুর রহমান স্মৃতিবৃত্তির সূচনা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে নিয়মিতভাবে স্মৃতিবৃত্তি দেওয়া হচ্ছে এবং এ বছর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত স্নাতক শ্রেণীতে প্রথম স্থানে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে এই বৃত্তি দেওয়া হবে। এই স্মৃতি বৃত্তিটি অধ্যাপক জিয়া হায়দার স্মরণে প্রদান করা হবে। এই পদকের সামগ্রিক ব্যয় দলের নাট্যকর্মীদের নিজস্ব অর্থ থেকেই মেটানো হয়। আগামীকাল বৃহস্পতিবার শুরু হবে নাট্যচক্রের তিন দিনব্যাপী বৃত্তি প্রদান ও নাট্যানুষ্ঠান।জল নিয়ে জলকথাজলকথা—নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধিবিষয়ক উন্নয়ন সংবাদ সাময়িকী। আজ সন্ধ্যা ছয়টা থেকে প্রতি বুধবার দেশ টিভিতে প্রচারিত হবে এটি। জলকথা সর্বমোট ২৬টি পর্ব প্রচারিত হবে।এই অনুষ্ঠানে প্রচারিত হবে পানির জন্য মানুষের হাহাকার, কীভাবে পানি দূষণ হচ্ছে, কীভাবে পরিবেশে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে, কীভাবে দিন দিন নদী দখল করে পানি চলাচল রুদ্ধ হচ্ছে এসব। থাকবে বিভিন্ন অঞ্চলের পানি সমস্যার বর্ণনা এবং স্থানীয় কর্তৃপক্ষের জবাবদিহিতা। সেই সঙ্গে সরকারের নীতিনির্ধারণী মহলের কাছে আয়োজকদের পক্ষ থেকে থাকবে নানা পরামর্শ ও দাবি। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের প্রচার উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। দেশটিভি ও ওয়াটার এইড বাংলাদেশ যৌথভাবে জলকথা নির্মাণ করেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দেশটিভির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিন এম খান এবং ওয়াটার এইডের আবাসিক প্রতিনিধি মো. খায়রুল ইসলাম।