কাল থেকে রোজা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
noname
noname

কাল বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। গতকাল মঙ্গলবার বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যায়নি।
মাহে রমজানের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জানানো হয়, মঙ্গলবার দেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় আজ বুধবার ১৪৩৪ হিজরি বর্ষের শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। বৃহস্পতিবার থেকে শুরু হবে রমজান মাস। সে হিসেবে ৫ আগস্ট ২৬ রমজানের রাতে ‘লাইলাতুল কদর’ পালিত হবে।
ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে চাঁদ দেখা কমিটির সভায় আরও উপস্থিত ছিলেন ধর্মসচিব হাবিবুল আউয়াল, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মোহাম্মদ সালাহউদ্দিন, আবহাওয়া অধিদপ্তরের মো. শাহ আলম প্রমুখ।
আজ বুধবার রাতে এশার নামাজের পর মসজিদে মসজিদে শুরু হবে তারাবির নামাজ। বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানেরা ভোররাতে সেহির খেয়ে পরদিন সূর্যাস্ত পর্যন্ত পানাহার না করে সংযম পালন করবেন। মাস শেষে উদ্যাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, প্রথম রোজায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেহিরর শেষ সময় বুধবার রাত তিনটা ৪৭ মিনিট। ইফতারের সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটে।
গতকাল এক বিবৃতিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মাহে রমজান উপলক্ষে বাংলাদেশসহ মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
বিবৃতিতে বিএনপির চেয়ারপারসন বলেন, সব ধরনের অন্যায়, জুলুম, অবিচার ও পাপ কাজ থেকে বিরত থাকার এক মহান শিক্ষা দেয় রমজান। এ শিক্ষা বুকে ধারণ করে পবিত্র মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে ব্রতী হতে হবে।
পৃথক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।