কাল থেকে শহিদ কবিরের 'তোমার পরে ঠেকাই মাথা'
বাংলাদেশের সমাজ বাস্তবতা সব সময় তাঁকে আন্দোলিত করে। এ দেশের মানুষের দুঃখ, কষ্ট, বেদনা ও জীবনের নানা অনুষঙ্গ তাঁর শিল্পকর্মে প্রতিফলিত হয়েছে। তিনি শিল্পী শহিদ কবির। সত্তরের দশকের শক্তিমান শিল্পী, বাস্তবধারার বিশেষ রূপকার ও আন্তর্জাতিক শিল্পাঙ্গন থেকে আহরিত বোধে ঋদ্ধ এ শিল্পী। আশির দশকের শুরুতেই উচ্চতর শিক্ষার জন্য তিনি পাড়ি জমান স্পেনে। সেখানেই তিনি তাঁর সৃজন উত্কর্ষ ও শক্তিমত্তা দিয়ে শিল্পানুরাগীদের মধ্যে উন্মোচন করেন চিত্রকলার এক নবীন মাত্রা। বাস্তবধারা আর বিমূর্ত, দুই ক্ষেত্রেই তিনি রেখেছেন নিজের প্রতিভার স্বাক্ষর।
বরিশালের ছেলে শহিদ কবির সর্বদাই নিভৃতে থেকে গেছেন। ফলে দেশ ও বিদেশ মিলিয়ে এ পর্যন্ত তাঁর মাত্র ১৩টি একক চিত্রকলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। দেশের প্রতি আবেগী এই শিল্পীর ১৪তম প্রদর্শনীর শিরোনামও দেশকে নিয়ে ‘তোমার পরে ঠেকাই মাথা’। আয়োজক বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস। এর উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল বুধবার সন্ধ্যায়। উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত লুই তেখাদা শাকন ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। সভাপতিত্ব করবেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের।
আজ মঙ্গলবার দুপুরে ছিল বহু কাঙ্ক্ষিত এ প্রদর্শনীর প্রেস প্রিভিউ ও সংবাদ সম্মেলন। এতে উপস্থিত ছিলেন শিল্পী শহিদ কবির নিজেই। এতে শিল্পসমালোচক মইনুদ্দীন খালেদ ও বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী বক্তব্য দেন। লিখিত বক্তব্য উপস্থাপন করেন বেঙ্গল ফাউন্ডেশনের ব্যবস্থাপক সারোয়ার জাহান।
শহিদ কবির বলেন, ‘মাটির থেকেই অনুপ্রেরণা নিয়ে আমি আমার চিত্রকর্ম করি। চিত্রকর্মের ব্যাপারে কোনো ছলচাতুরীর জায়গা নেই। একজন শিল্পী হতে হলে অবশ্যই পরিশ্রম এবং নিষ্ঠা নিয়ে কাজ করতে হবে। তাহলেই একজন পরিপূর্ণ শিল্পী হওয়া সম্ভব।’

নতুন প্রজন্মের শিল্পীদের উদ্দেশে শহিদ কবির বলেন, ‘আমি সব সময়ই নতুন প্রজন্মের কাছ থেকে জানার চেষ্টা করি। তাঁরা আমার অনুপ্রেরণার অন্যতম উত্স। তাঁরা বর্তমানে অনেক ভালো আঁকছেন।’
শহিদ কবির সত্তরের দশকে বাউল সাধক ফকির লালন সাঁইয়ের সংগীত ও আধ্যাত্মিক দর্শনে প্রবলভাবে আন্দোলিত হয়েছিলেন। সেই সময়ে তাঁর সৃষ্টিতে বাউল সংগীতের মর্মবাণী প্রতিফলিত হয়েছিল। টেম্পেরায় করা বাউল সিরিজের এসব চিত্রে বাউলসংগীতের অচিন প্রেম ও মানবিক বোধের ঔজ্জ্বল্য প্রকাশে চিত্রানুরাগীরা বিমোহিত হয়েছিলেন এবং এই সময় থেকে তাঁর সৃজন উত্কর্ষ নবীন মাত্রা অর্জন করেছিল।
বাংলাদেশের সমাজ বাস্তবতা সব সময় শহিদ কবিরকে আন্দোলিত করে। বাংলাদেশের মানুষের দুঃখ, কষ্ট, বেদনা ও জীবনের নানা অনুষঙ্গ এ প্রদর্শনীর কাজে প্রতিফলিত হয়েছে। এই প্রদর্শনীতে তাঁর সাম্প্রতিক চিন্তা, দেশের প্রতি গভীর আনুগত্য ও প্রকরণে তিনি যে কত সমৃদ্ধ, তা বিধৃত হয়েছে। রং ব্যবহারের মৌলিকত্ব তাঁর সৃষ্টিকে করে তুলেছে ব্যঞ্জনাময় এবং রং খুবই অর্থবোধক হয়ে উঠেছে তাঁর চিত্রগুচ্ছে।
প্রদর্শনীতে স্থান পেয়েছে ৫৩টি চিত্রকর্ম। প্রদর্শনী কাল থেকে শুরু হয়ে ১ এপ্রিল পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত শিল্পানুরাগীদের জন্য এটি উন্মুক্ত।