কাল থেকে শুরু হচ্ছে চার দিনের হজ মেলা
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) উদ্যোগে কাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সপ্তম হজ ও ওমরাহ মেলা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে হজ মেলার বিস্তারিত তুলে ধরা হয়।
হাবের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার বলেন, বাংলাদেশের হজ এজেন্সিগুলোর সঙ্গে হজে যেতে ইচ্ছুক মানুষের মধ্যে যোগসূত্র স্থাপন, সচেতনতা বৃদ্ধি, মধ্যস্বত্বভোগী বর্জন এবং সঠিক তথ্য প্রদান ও প্রশিক্ষণ দেওয়াই এ মেলার উদ্দেশ্য।
সম্মেলনে জানানো হয়, এ বছরে বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য দুটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। প্রথম প্যাকেজটি দুই লাখ ৯৫ হাজার ৭৭৬ টাকা ও দ্বিতীয়টি তিন লাখ ৫৪ হাজার ৩১৬ টাকা। আগ্রহী হজযাত্রীরা এ মেলায় পছন্দের এজেন্সিতে সরাসরি বুকিং বা চুক্তিবদ্ধ হতে পারবেন। মেলায় হজ ও ওমরাহের প্রয়োজনীয় তথ্য হাবের স্টল থেকে জানা যাবে।
সংবাদ সম্মেলনে বলা হয়, এ বছর সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুসারে হজযাত্রীদের বাড়িভাড়া, খাওয়াসহ যাবতীয় খরচ সেখানে একটি অ্যাকাউন্ট খুলে তার মাধ্যমে পরিশোধ করতে হবে। তা না হলে ভিসা দেওয়া হবে না।
এ জন্য ১ জুনের মধ্যে হজযাত্রীদের হজের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে। এ নির্দেশ মানা না হলে যাত্রা অনিশ্চিত হয়ে যাবে। তাই ৩০ মের মধ্যে প্যাকেজের পুরো টাকা হাবের তালিকাভুক্ত হজ এজেন্সির ব্যাংক হিসাবে জমা দিতে হবে। ব্যাংক ছাড়া হজ এজেন্সিতেও নগদ টাকা পরিশোধ করা যাবে। সে ক্ষেত্রে রসিদ সংগ্রহ করতে হবে। এ ছাড়া বাংলাদেশ বিমান এয়ারলাইনস ও সৌদি এয়ারলাইনসের পাশাপাশি তৃতীয় বিমান সংস্থায়ও হজযাত্রী পরিবহনের সুযোগ দেওয়ারও দাবি আবেদন জানিয়েছে হাব।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাবের মহাসচিব শেখ আবদুল্লাহ, জ্যেষ্ঠ সহসভাপতি কবির খান জামান, সহসভাপতি আফতাব উদ্দিন চৌধুরী, যুগ্ম মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার প্রমুখ।