আগামীকাল শুক্রবার থেকে সিলেট-ভোলাগঞ্জ সড়কে সংস্কারকাজ শুরু করার আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। সওজের কর্মকর্তারা গতকাল বুধবার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বাজারসহ বিধ্বস্ত সড়কটির কয়েকটি স্থান পরিদর্শন করার সময় এই আশ্বাস দেন।গতকাল প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘পুরোপুরি বিধ্বস্ত একটি সড়ক’ শিরোনামে ছবিসহ প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর সওজের কর্মকর্তারা গতকাল সড়ক পরিদর্শনে বের হন। তাঁরা কোম্পানীগঞ্জ উপজেলায় পাথরের ব্যবসা ও পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট নেতা এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে ওই আশ্বাস দেন।কোম্পানীগঞ্জ স্টোন ক্রাশার মিল মালিক সমিতির কোষাধ্যক্ষ আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘সড়ক সংস্কারের দাবিতে উপজেলায় পাথরের ব্যবসা ও পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট আমরা তিনটি সংগঠন ১৪ জানুয়ারির মধ্যে সংস্কারকাজ শুরুর দাবি জানিয়েছিলাম। সওজের কর্মকর্তারা আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। এটা হলে হরতালের কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হবে।’সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী আবদুল হালিম বলেন, ‘সিলেট-ভোলাগঞ্জ সড়কের সংস্কারকাজ শুরু করার সব প্রস্তুতি নিয়েছি। গতকালই সড়ক মাপজোখসহ আনুষঙ্গিক কাজ সেরে নেওয়া হয়েছে। শুক্রবার থেকে কাজ শুরু হবে।’কানাইঘাটে হরতালের ডাক: এদিকে সিলেট বিভাগীয় শহরের সঙ্গে সংযোগ স্থাপনকারী কানাইঘাট উপজেলার দরবস্ত-চতুল-কানাইঘাট রাস্তা সংস্কারের দাবিতে ১৮ জানুয়ারি হরতালের ডাক দেওয়া হয়েছে। হরতাল সফল করতে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চতুল বাজারে প্রস্তুতি সভা করবে রাস্তা উন্নয়ন সংগ্রাম পরিষদ। পরিষদের সদস্যসচিব মো. আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘রাস্তাটি সংস্কারের দাবিতে মাস খানেক ধরে সর্বস্তরের মানুষ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দাবি জানাচ্ছিল। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিরা সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নেননি। তাই গত ৩০ ডিসেম্বর দরবস্ত বাজারে সমাবেশ করে ১৭ জানুয়ারির মধ্যে সংস্কারকাজ শুরুর সময় বেঁধে দেওয়া হয়েছিল। নয়তো ১৮ জানুয়ারি হরতালের ঘোষণা দেওয়া হয়। এখন হরতাল সফলের লক্ষ্যে গণসংযোগ ও প্রস্তুতিসভা চলছে।’