কাল থেকে স্বাভাবিক হতে পারে গাড়ি চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভয়াবহ পাহাড়ধসে ধ্বংস হয়ে যাওয়া বান্দরবান-রুমা সড়ক আগামীকাল রোববার থেকে আবারও যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হতে পারে। সেনাবাহিনীর ১৯ প্রকৌশল নির্মাণ ব্যাটালিয়ন (ইসিবি) সড়কটি পুনর্নির্মাণের কাজ করছে। সড়ক যোগাযোগ পুনরায় চালু করার জন্য সেনাসদস্য ও নির্মাণশ্রমিকেরা বিরতি না দিয়ে কাজ করে যাচ্ছেন।

জেলা সদর থেকে ২৪ কিলোমিটার দূরে ধসে পড়া সড়কের ওই অংশে গিয়ে দেখা গেছে, সড়ক পুনর্নির্মাণে পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছেন সেনাসদস্যরা। ভারী যন্ত্রপাতি দিয়ে মাটি সরানোর কাজ চলছে। কর্মরত সেনাসদস্যরা বলেন, ওই এলাকায় পাহাড়টি মাত্রাতিরিক্ত খাড়া এবং পাথর দিয়ে তৈরি। এ কারণে নির্মাণের সঙ্গে সঙ্গেই সেটি ধসে যাচ্ছে। আবার ওপর থেকেও কাদাযুক্ত পাথুরে মাটি বিপজ্জনকভাবে সড়কে এসে পড়ছে।

১৯ ইসিবির উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার ইফতেখার জানিয়েছেন গত ১২ জুন রাতে ভারী বৃষ্টিতে পাহাড়ধসে সড়কের ওই অংশ একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়। এরপর গত ১৩ জুন থেকে ভারী নির্মাণ যন্ত্রপাতি নিয়ে ১৫ জন সেনাসদস্য ও ২০ জন নির্মাণশ্রমিক ছুটির দিনেও সড়কের ধসে পড়া অংশটি পুনর্নির্মাণের জন্য অব্যাহতভাবে কাজ করছেন। এ পর্যন্ত দুবার নির্মাণকাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য আংশিকভাবে খুলে দেওয়া হয়েছিল। ভারী বৃষ্টির পর আবার তা ধসে পড়ছে। সর্বশেষ গত বুধবার ধসে পড়ার পর সরাসরি যানবাহন চলাচল আবারও বন্ধ হয়ে যায়। আগামীকাল রোববার সড়কটি খুলে দেওয়ার জন্য বিরামহীনভাবে কাজ করা হচ্ছে।