কাল থেকে হজ ফ্লাইট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজ ফ্লাইট। এদিন সকাল ৮টা ৫ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে প্রথম হজ ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে।
বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইনস হজ ফ্লাইট ও নিয়মিত ফ্লাইটে মোট ৫১ হাজার হজযাত্রী পরিবহন করবে। এ জন্য ঢাকা-জেদ্দা-ঢাকা গন্তব্যে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭ উড়োজাহাজ প্রস্তুত রেখেছে কর্তৃপক্ষ।
এবার বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজ করতে সৌদি আরব যাবেন। বাকি হজযাত্রীদের পরিবহন করবে সৌদি এয়ারলাইনস।
প্রত্যেক হজযাত্রী ইকোনমি ক্লাসে ৪৬ কেজি মালামাল ও বিজনেস ক্লাসে ৫৬ কেজি মালামাল নিতে পারবেন। এ ছাড়া প্রত্যেকে হাতব্যাগে সাত কেজি মালামাল সঙ্গে নিতে পারবেন।
দুই মাসব্যাপী হজযাত্রী পরিবহনে বিমান মোট ২৮১টি ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে ২২০টি নিরবচ্ছিন্ন হজ ফ্লাইট ও ৬১টি নিয়মিত ফ্লাইট।