কাল থেকে হাবিপ্রবিতে ভর্তিযুদ্ধ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল সোমবার থেকে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬ শিক্ষাবর্ষের স্নাতকের (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। এবার প্রতিটি আসনের বিপরীতে ৩০ জন শিক্ষার্থী লড়াই করছেন বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস জানান, ১ হাজার ৯৫০টি আসনের বিপরীতে এবার ৫৮ হাজার ৯৫৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ভর্তি পরীক্ষা চলবে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। আটটি অনুষদের ২০টি কোর্সে স্নাতক প্রথম বর্ষের জন্য এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে এ ইউনিটে ৬০৫টি আসনের বিপরীতে ১২ হাজার ৩০৪ জন, বি ইউনিটের ২১০টি আসনের বিপরীতে ১২ হাজার ১৮২ জন, সি ইউনিটের ২৪০টি আসনের বিপরীতে ৯ হাজার ৭৫৩ জন, ডি ইউনিটের ২২০টি আসনের বিপরীতে ৮ হাজার ৮৩১ জন, ই ইউনিটের ৩৫টি আসনের বিপরীতে ৯৮১ জন, এফ ইউনিটের ৩১০টি আসনের বিপরীতে ৫ হাজার ৫১৪ জন এবং জি ইউনিটের ৩৩০টি আসনের বিপরীতে ৯ হাজার ৩৮৯ জন ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।
পরীক্ষা হলে সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস (ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল ফোন) সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে ১০টা ৩০ মিনিট ও ১১টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত দুই পালায় এ ইউনিট এবং বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত এফ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।