কাল থেকে ২১ জেলায় পণ্য পরিবহনে ধর্মঘটের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রোববারের মধ্যে ট্রাক ও কাভার্ড ভ্যানের সাইড অ্যাঙ্গেল, বাম্পার ও হুক অপসারণসংক্রান্ত সিদ্ধান্ত বাতিলসহ ১২ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে দক্ষিণ-পশ্চিম অঞ্চল (২১ জেলা) পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। অন্যথায় কাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা দিয়েছে সংগঠনটি। গতকাল শনিবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দক্ষিণ-পশ্চিম অঞ্চল পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আবদুল গফ্ফার বিশ্বাস। উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্যসচিব আবদুর রহমান বক্স, খুলনা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ অহিদুল ইসলাম, বাগেরহাট ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক নূরুল হক, খুলনা বিভাগীয় ট্রাক মালিক সমিতির সভাপতি কাজী সরোয়ার হোসেন প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ট্রাকচালক ও মালিকেরা অনেক চাপ নিয়ে পণ্য পরিবহন করে আসছেন। এর মধ্যে গত ২৮ ডিসেম্বর অ্যাঙ্গেল, বাম্পার ও হুক অপসারণের বিষয়ে বিআরটিএ নতুন নির্দেশনা দিয়েছে। ১২ দফা দাবি না মানলে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকবে।