চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগামীকাল শনিবার থেকে দুর্গাপূজাসহ শরৎকালীন ছুটি, পবিত্র ঈদুল আজহা এবং আসন্ন ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষা উপলক্ষে ৪৩ দিনের বন্ধ শুরু হচ্ছে। এর ফলে কাল থেকে আগামী ৮ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে।
তবে এই বন্ধে পূর্বনির্ধারিত পরীক্ষাসমূহ যথানিয়মে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের তথ্য শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বন্ধের বিষয়টি জানা গেছে।
এদিকে দীর্ঘ বন্ধের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পাঁচজন শিক্ষার্থী বক্তব্য দেন।
এতে বক্তারা বলেন, কোনো যুক্তিসংগত কারণ ছাড়া দীর্ঘ এ বন্ধ অযৌক্তিক। এর কারণে বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজট বাড়ছে। আর ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী যে বন্ধ আছে তা বাস্তবায়নের দাবি জানান।