দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠেয় ৫৫তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশের ছয় খুদে গণিতবিদ। কাল শনিবার ভোরে ঢাকা ছাড়বে দলটি।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গণিতের বিশ্ব আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এ ছয় শিক্ষার্থী হলেন ঢাকা কলেজের নুর মোহাম্মদ শফিউল্লাহ, ময়মনসিংহ জিলা স্কুলের আদিব হাসান, একই স্কুলের সানজিদ আনোয়ার, সিরাজগঞ্জ বিএল স্কুলের সাজিদ আখতার তূর্য, সিলেট সরকারি পাইলট স্কুলের আসিফ-ই-ইলাহি ও রাজশাহী কলেজের মুতাসিম মিম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি জামিলুর রেজা চৌধুরী। তিনি অংশগ্রহণকারীদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার সারা দেশের ২২টি আঞ্চলিক গণিত উৎসবে অংশ নেয় ২৫ হাজার শিক্ষার্থী। আঞ্চলিক উৎসবে বিজয়ী এক হাজার ৫৫ জন শিক্ষার্থীকে নিয়ে ১৪ ও ১৫ ফেব্রুয়ারি ঢাকায় আয়োজন করা হয় দ্বাদশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াড ও জাতীয় গণিত উৎসব ২০১৪। সেখানে জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির সেরা ৩৫ জনকে নিয়ে অনুষ্ঠিত হয় গণিত ক্যাম্প। ক্যাম্পের ফলাফলের ভিত্তিতে ছয় সদস্যের দল নির্বাচন করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।
এই ছয় প্রতিযোগীর দলনেতা বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলের কোচ মাহবুব মজুমদার গত বুধবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হয়েছেন। উপদলনেতা বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান ও পর্যবেক্ষক তামিম শাহরিয়ার শনিবার সকালে প্রতিযোগীদের নিয়ে দক্ষিণ আফ্রিকা রওনা হবেন।
৭ জুলাই উদ্বোধনী পর্বের মাধ্যমে শুরু হবে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড। ৮ ও ৯ জুলাই অনুষ্ঠিত হবে মূল প্রতিযোগিতা। প্রতিযোগিতায় এবার ১০৯টি দেশের ৫৮০ জন প্রতিযোগী অংশ নিচ্ছে।
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বিগত নয়বারে বাংলাদেশ এ পর্যন্ত একটি রৌপ্য পদক, নয়টি ব্রোঞ্জ পদক ও ১৬টি সম্মানজনক পদক পেয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, ডাচ্–বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ, গণিতবিদ খোদাদাদ খান, আনোয়ার হোসেন ও গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান।