কাল দেশে ফিরছেন সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ আগামীকাল সোমবার দেশে ফিরছেন। দেড় মাস যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে কাল ভোর পাঁচটায় তার্কিশ এয়ারলাইনসের একটি বিমানে তাঁর দেশে ফেরার কথা।
সিইসির একান্ত সচিব এ কে এম মাজহারুল ইসলাম এ কথা জানিয়েছেন বলে বার্তা সংস্থা বাসস খবর প্রকাশ করেছে। বাসসের খবর অনুযায়ী মাজহারুল ইসলাম বলেছেন, ‘নির্ধারিত সিডিউলেই সোমবার ভোরে সিইসি দেশে ফিরে আসছেন।’
বাসস বলেছে, ইসির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ইতিমধ্যে নির্বাচন কমিশনের প্রটোকল অফিসার শরিফুল ইসলামকে সিইসির আসার বিষয়টি জানানো হয়েছে। এ ছাড়া সিইসির হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইভি লাউঞ্জ ব্যবহার করার বিষয়ে বিমানবন্দরের পরিচালক ও প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে চিঠি দিয়ে জানানো হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনারের অনুপস্থিতিতেই পাঁচ ধাপে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের বেশ কয়েকটি ধাপের নির্বাচন সম্পন্ন হয়। শেষের ধাপের নির্বাচনগুলোর সময় সহিংসতা বাড়তে থাকে। গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার নির্বাচনের সময় তাঁর দেশে না থাকা নিয়ে বেশ সমালোচনা হয়।