কাল নবনির্বাচিত সাংসদদের বৈঠকে ডেকেছেন রওশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য ও দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ আগামীকাল বুধবার দলের নবনির্বাচিত সাংসদদের বৈঠকে ডেকেছেন। দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ধারণা করা হচ্ছে, এই মেয়াদে জাতীয় পার্টির ভূমিকা কী হবে, তা নিয়ে বৈঠকে আলোচনা হবে। বেশ কয়েক দিন ধরেই জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতারা বলে আসছেন রওশন এরশাদ সংসদে বিরোধীদলীয় নেতা হবেন। তাঁর নেতৃত্বেই জাতীয় পার্টি সংসদে যাবে। তবে এরশাদই দলের প্রধান থাকছেন।

ঢাকা-৪ আসন থেকে নির্বাচিত সাংসদ আবু হোসেন বাবলা ‘প্রথম আলো’কে বলেন, আশা করা যায় জাতীয় পার্টিকে নিয়ে যে নানামুখী আলোচনা চলছে কালই তার একটা সুরাহা হতে পারে। ভারতে সোনিয়া গান্ধী কংগ্রেস-প্রধান ও সংসদনেতা। কিন্তু তিনি সরকারে নেই। তাঁর ব্যক্তিগত ধারণা, জাতীয় পার্টিও এই ধারা অনুসরণ করবে। তবে এরশাদকে বাদ দিয়ে তাঁরা কিছু করবেন না। 

এদিকে আজ সকালে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ জানিয়েছিলেন, তাঁরা সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করতে পারেন। সরকারেও তাঁদের অংশগ্রহণ থাকতে পারে।

উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দশম সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ২ ডিসেম্বর দলীয় মনোনয়ন চূড়ান্ত করার কাজ শেষ হয়। তবে এরশাদ নির্বাচন থেকে সরে এলেও যাঁরা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাঁদের একটি অংশ সরে আসেনি। রওশন এরশাদের নেতৃত্বে তাঁরা নির্বাচনে যান।