কাল নেপাল যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাল মঙ্গলবার নেপাল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সংবাদ সংস্থা আজ সোমবার এ তথ্য জানিয়েছে।
বাসস জানায়, দুই দিনব্যাপী এ শীর্ষ সম্মেলন ২৬ নভেম্বর কাঠমান্ডুর ভ্রীকুটি মণ্ডপে অবস্থিত রাষ্ট্রীয় সভাগৃহে শুরু হবে। এবারের শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হলো ‘শান্তি ও সমৃদ্ধির জন্য আরও ঘনিষ্ঠ সম্পর্ক’।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে কাল বেলা তিনটায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।
ফ্লাইটটির নেপালের স্থানীয় সময় সোয়া চারটায় কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা।

এদিকে সার্কের একাধিক সদস্য দেশের ভিন্নমতের কারণে সার্ক মোটরযান ও ট্রেন চলাচল চুক্তির পাশাপাশি বিদ্যুৎ খাতে সহযোগিতার তিনটি চুক্তি সই নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বহুমাত্রিক যোগাযোগ নেটওয়ার্ক আর জ্বালানি সহযোগিতার এ তিন চুক্তি সই না হলে ভেস্তে যাওয়ার আশঙ্কা রয়েছে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলনের এবারের প্রতিপাদ্য।
রোববার নেপালের রাজধানী কাঠমান্ডুর সলটি হোটেলে সার্ক পররাষ্ট্রসচিবদের প্রথম দিনের বৈঠক শেষে জানা গেছে, এবারের শীর্ষ সম্মেলনে মোটরযান, ট্রেন চলাচল ও বিদ্যুৎ খাতে সহযোগিতার তিনটি রূপরেখা চুক্তি সইয়ের কথা ছিল। কিন্তু বাংলাদেশ ও নেপাল ছাড়া অন্য সদস্য দেশগুলো চুক্তি সইয়ের জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করেনি। এ ছাড়া মোটরযান ও রেলচুক্তির পাশাপাশি বিদ্যুৎ নিয়ে চুক্তির বিষয়ে কয়েকটি দেশ আরও কিছুটা সময় নিতে আগ্রহী। এর ফলে আপাতত সার্ক দেশগুলোর মধ্যে যান চলাচল চালু হচ্ছে না।