কাল-পরশু অবরোধ নেই, আবার শুরু রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ আগামীকাল শুক্রবার ও পরদিন শনিবারের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে রোববার থেকে আবার অবরোধ চলবে।
আজ বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক এক ভিডিওবার্তায় এ ঘোষণা দেন।
নির্বাচনের দিন সহিংসতায় নিহত নেতা-কর্মীদের জন্য আগামীকাল শুক্রবার মসজিদে দোয়া মাহফিল ও নির্বাচন বাতিলের দাবিতে ১১ জানুয়ারি সারা দেশে জেলা, উপজেলা ও বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা। এসব কর্মসূচি শেষ হওয়ার পরে আগামী রোববার থেকে আবারও অবরোধ চলবে।
প্রহসনের নির্বাচনের ফলাফল বাতিল ও ভোটের দিন সারা দেশে নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদে ১৮-দলীয় জোটের ডাকা হরতাল গতকাল বুধবার সন্ধ্যা ছয়টায় শেষ হয়। চলতি বছরের ১ জানুয়ারি থেকে সারা দেশে ১৮-দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ চলছে। এর আগে গত ২৬ নভেম্বর থেকে পাঁচ দফায় মোট ২২ দিনের অবরোধ পালন করে বিরোধীদলীয় জোট। অবরোধ চলাকালে কয়েক দফায় হরতালের ডাক দেওয়া হয়।