কাল পরীক্ষা, প্রবেশপত্র পায়নি শতাধিক শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল সোমবার শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা। অথচ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার দুটি বিদ্যালয়ের ১১৩ জন পরীক্ষার্থী গতকাল শনিবার পর্যন্ত তাদের প্রবেশপত্র পায়নি। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরীক্ষার্থী ও অভিভাবকেরা।

শিক্ষা কার্যালয়, শিক্ষক, পরীক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর পরীক্ষা দেওয়ার জন্য তারাকান্দা উপজেলার মানিকদির নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ৫৪ জন ও বাড়ইপাড়া উচ্চবিদ্যালয়ের ৫৯ জন শিক্ষার্থীর কাছ থেকে যথাসময়ে নিবন্ধন ও ফরম পূরণ বাবদ ফি নেওয়া হয়। কিন্তু ওই দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের গাফিলতির কারণে তাদের নিবন্ধন ও ফরম পূরণ করা হয়নি।

গতকাল মানিকদির নিম্নমাধ্যমিক বিদ্যালয় এলাকায় গেলে পরীক্ষার্থী শাহরিন সুলতানা, আয়েশা আক্তার, ফুল মিয়া, মাজেদা আক্তারসহ কয়েকজন বলে, তাদের আশপাশের সব স্কুলে সাত দিন আগেই প্রবেশপত্র বিতরণ করা হয়েছে। অথচ আজও তারা প্রবেশপত্র পেল না। পরীক্ষা দিতে পারে কি না, সেটাই এখন সন্দেহ।

পরীক্ষার্থীরা জানায়, শিক্ষকেরা তাদের গত বৃহস্পতিবার প্রবেশপত্র দেবেন বলে বলেছিলেন। ওই দিন বিদ্যালয়ে গেলে তারা বলেন শনিবারে দেবেন, কিন্তু শনিবার গিয়ে তারা দেখে বিদ্যালয় বন্ধ। কয়েকজন পরীক্ষার্থী জানায়, শনিবার পর্যন্ত তাদের পরীক্ষার রুটিনও দেওয়া হয়নি।

মানিকদির নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক রাশিদা বেগম (৩০), শামছুন্নাহারসহ (৩৫) কয়েকজন বলেন, এই মুহূর্তে যে কী করবেন ভেবে পাচ্ছেন না। বাচ্চাদের নিয়ে ভীষণ চিন্তায় আছেন।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ বলেন, ‘বিভিন্ন কারণে প্রবেশপত্র আসেনি। কীভাবে প্রবেশপত্র এখন নেওয়া যায়, তাই ঢাকায় আছি।’

বাড়ইপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, পরীক্ষার্থীদের প্রবেশপত্র সংগ্রহের জন্য তিনিও এখন ঢাকায় আছেন।

এ দুটি বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র হলো বাট্টা ভাটপাড়া উচ্চবিদ্যালয়। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব মো. আপ্তাব উদ্দিন বলেন, সব বিদ্যালয়ের প্রবেশপত্র কেন্দ্রে এলেও ওই দুটি বিদ্যালয়ের প্রবেশপত্র ও প্রশ্নপত্র তার কেন্দ্রে আসেনি।  

ফুলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক প্রথম আলোকে বলেন, ওই দুই প্রধান শিক্ষকের গাফিলতির কারণে পরীক্ষার্থীদের প্রবেশপত্র আসেনি। এখন তাঁরা ঢাকা দৌড়াদৌড়ি করছেন।