কাল পাঁচ সচিবের সনদ বাতিলে সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার প্রক্রিয়ায় অনিয়ম প্রমাণিত হওয়ায় স্বাস্থ্যসচিব নিয়াজ উদ্দিন মিঞাসহ চার সচিব ও একজন যুগ্ম সচিবের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে আইনানুগ ব্যবস্থা নেবে মুক্তিযুদ্ধ ও জনপ্রশাসনবিষয়ক মন্ত্রণালয়। এ অপরাধের জন্য তাঁদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে এই মন্ত্রণালয়।

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আগামীকাল রোববার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকার) বৈঠকে এ পাঁচ সচিবের বাতিলের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। এ ব্যাপারে শিগগিরই বিধি মোতাবেক ব্যবস্থা নেবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এ ব্যাপারে আজ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক প্রথম আলোকে বলেন, কাল জামুকার বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হবে। এর আগে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে মন্ত্রী বলেছেন, তাঁদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, পরীক্ষা-নিরীক্ষা করে সরকারি আইন অনুযায়ী তাঁরা ব্যবস্থা নেবেন।

দুদক এই পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। এই সনদ নেওয়ার প্রক্রিয়ায যে অনিয়মের অভিযোগ উঠেছে, দুদকের তদন্তে তার সত্যতা মিলেছে।

গত সোমবার দুদকের পক্ষ থেকে এই সুপারিশ করে জনপ্রশাসন ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। অভিযোগ ওঠা সচিবেরা হলেন সদ্য ওএসডি হওয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, সরকারি কর্মকমিশনের (পিএসসি) সচিব এ কে এম আমির হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান (বর্তমানে প্রতিমন্ত্রী মর্যাদা বেসরকারীকরণ কমিশনের চেয়্যারম্যান) এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ওএসডি) আবুল কাসেম তালুকদার। গত বুধবার জনপ্রশাসন ও বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে চিঠি পৌঁছে।

সরকারি কর্মকর্তাদের এ ধরনের অপরাধের জন্য কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, জানতে চাইলে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আকবর আলি খান বলেন, আইন অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা যাবে। এ ছাড়া যদি প্রতারণার প্রমাণ পাওয়া যায, তাহলে প্রতারণার মামলাও হতে পারে।

‘চাকরির শেষ সময়ে মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার হিড়িক’ শিরোনামে গত ২২ জানুয়ারি প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে সমালোচনার মুখে পড়েন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। সরকারি নিয়ম অনুযায়ী চাকরিতে যোগদানের সময়ই নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা দিতে হয়। কিন্তু এই শীর্ষ কর্মকর্তারা চাকরির শেষ সময়ে এসে নিজেদের মুক্তিযোদ্ধা ঘোষণা করে সনদ নিয়েছেন।

দুদকের কর্মকর্তারা বলেন, আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ নেই বলে তাঁরা মামলা করতে পারছেন না। এ জন্য এই কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জনপ্রশাসন ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে বলা হয়েছে।

যাঁরা ভুল তথ্য দিয়ে চাকরির মেয়াদ বাড়িয়েছেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এরই মধ্যে তাঁদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন। এ পর্যন্ত ১৮২ জন সরকারি কর্মকর্তার সনদ বাতিল করা হলেও শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

গত পাঁচ বছরে মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশার ১১ হাজার ১৫০ জন। সচিব থেকে শুরু করে চিকিৎসক, শিক্ষক, প্রকৌশলী, ব্যাংকারও রয়েছেন তাঁদের মধ্যে।