কাল ফিরছেন প্রধানমন্ত্রী, গণসংবর্ধনা দেওয়া হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে যোগদান শেষে আগামীকাল সোমবার দেশে ফিরবেন। বিকেল পাঁচটা ৪৫ মিনিটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
দারিদ্র্য দূরীকরণে অনন্যসাধারণ অবদানের জন্য শেখ হাসিনা সম্মানজনক সাউথ সাউথ পুরস্কার লাভ করায় বিমানবন্দরে তাঁকে আওয়ামী লীগের পক্ষ থেকে নাগরিক গণসংবর্ধনা দেওয়া হবে। দেশের বিশিষ্ট নাগরিকেরা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। প্রধানমন্ত্রী বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দর এলাকায় বিপুলসংখ্যক মানুষের সমাগম করা হবে। এরপর ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেইট থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে জনতা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাবেন। ওই গণসংবর্ধনায় যোগদানের জন্য ঢাকা মহানগরের সর্বস্তরের জনসাধারণ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর গণসংবর্ধনার জন্য আওয়ামী লীগ ও ১৪ দল ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আজ ঢাকা মহানগর আওয়ামী লীগ বর্ধিত সভা করেছে। ১৪ দলও বৈঠক করেছে।