কাল ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন সাবিনা ইয়াসমীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিরোজা বেগম গান করছিলেন তৎকালীন কলকাতা বেতারে। এ সময় সেখানে ছিলেন বিশ্ববরেণ্য সংগীতজ্ঞ আলাউদ্দিন খাঁ। গান শুনে কেঁদে ফেললেন তিনি। ফিরোজা বেগমকে বললেন, ‘মা তুমি এত ভালো গান করো, গানটা চালিয়ে যেতে পারবে তো!’ ফিরোজা বেগম বিনয়ের সঙ্গে জানতে চাইলেন, ‘কেন পারব না?’ আলাউদ্দিন খাঁ জানালেন, তাঁর একটা মেয়ের নাম ছিল ফিরোজা বেগম। খুব ভালো গান করতেন। কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়ির লোকজন তাঁকে আর গাইতে দেননি। এই কষ্ট থেকে মেয়েটি গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করেন!
কিংবদন্তি সংগীতশিল্পী ফিরোজা বেগমের স্মৃতি রক্ষার্থে ‘ফিরোজা বেগম স্বর্ণপদক’ ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে গতকাল এই কথাগুলো জানান তাঁর সহোদর সাবেক সচিব, সংগীতজ্ঞ আসাফ উদ দ্দৌলা। বোনের সঙ্গে প্রায় আট দশকের কিছু অংশের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, ‘সাধারণ সারগাম করতে গিয়েও ওকে কাঁদতে দেখেছি। সংগীত বিষয়টা যতটা চর্চার, তার চেয়ে বেশি ভালোবাসার। সংগীতের প্রতি অকৃত্রিম গভীর ভালোবাসা ছিল ফিরোজা বেগমের।’
নজরুলসংগীতের কিংবদন্তিতুল্য প্রয়াত এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে ‘ফিরোজা বেগম স্বর্ণপদক’ নামে সংগীত পদক প্রবর্তন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রথমবারের মতো এই পদক পাচ্ছেন উপমহাদেশের আরেক প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন।
এ উপলক্ষে গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের আবদুল্লাহ ফারুক সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য নাসরিন আহমেদ, ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ডের দাতা ও এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান এম আনিস-উদ-দৌলা, কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বেগম আকতার কামাল, বাণিজ্য অনুষদের ডিন শিবলী রুবাইয়াতুল ইসলাম, সংগীত বিভাগের চেয়ারপারসন লিনা তাপসী খান, ফিরোজা বেগমের ছেলে ব্যান্ডতারকা শাফিন আহমেদ ও ভাতিজি সংগীতশিল্পী সুস্মিতা আনিস।
সংবাদ সম্মেলনে বক্তারা এ ধরনের উদ্যোগের মাধ্যমে যেমন শিল্পীকে আজীবন স্মৃতির মণিকোঠায় ধরে রাখা যাবে, তেমনি আগামী প্রজন্মের সংগীতশিল্পীরা অনুপ্রাণিত ও উৎসাহিত হবেন বলে মন্তব্য করেন।
কাল ২৮ জুলাই ফিরোজা বেগমের ৯০তম জন্মদিনে বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে জনপ্রিয় এই শিল্পীর হাতে ফিরোজা বেগমের নামাঙ্কিত দুই ভরি ওজনের সোনার পদক ও সম্মানী এক লাখ টাকা তুলে দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের একজন শ্রেষ্ঠ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হবে এক ভরি ওজনের সোনার পদক ও সম্মানী ২০ হাজার টাকা।
১৯২৬ সালের ২৮ জুলাই ফরিদপুর শহরে আইনজীবী খান বাহাদুর মোহাম্মদ ইসমাইল ও বেগম কাওকাবন্নেসার পরিবারের তৃতীয় কন্যাসন্তান হয়ে জন্ম নেন ফিরোজা বেগম। ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর চিরতরে বিদায় নেন এই গুণী।