কাল বগুড়ায় জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল বৃহস্পতিবার বগুড়ায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই দিনে ১৮-দলীয় জোটেরও হরতাল রয়েছে বগুড়ায়।
শিবিরের সাবেক নেতা ও স্কুলশিক্ষক আবদুল বাকী (৩২) হত্যার প্রতিবাদে এই হরতালের ডাক দেওয়া হয়েছে। আজ বুধবার জেলা জামায়াতের নায়েবে আমির আলমগীর হোসেনের বরাত দিয়ে শহর জামায়াতের সহকারী প্রচার সম্পাদক শাহীন মিয়ার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই হরতালের ডাক দেওয়া হয়।
বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিবিরের বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শাখার সাবেক সেক্রেটারি আবদুল বাকীকে গতকাল বুধবার রাত আটটার দিকে শহরের সাতমাথা এলাকায় দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। হাসপাতালে নেওয়ার পর চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এর প্রতিবাদে আজ দুপুর ১২টার দিকে শহরের পার্ক রোডে জামায়াতের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বগুড়া শহর শাখা সভাপতি আলাউদ্দিন সোহেল অভিযোগ করে বলেন, ‘ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরা ঠান্ডা মাথায় আবদুল বাকীকে পুলিশের সামনেই খুন করেছে। অথচ পুলিশ চিহ্নিত খুনিদের গ্রেপ্তার করছে না। এই হিংস্রতা বন্ধ না হলে আগামীতে ছাত্রশিবির তীব্র প্রতিরোধ গড়ে তুলবে।’
বগুড়া শহর শিবিরের প্রচার সম্পাদক মিজানুর রহমান ‘প্রথম আলো’কে বলেন, আবদুল বাকী শহর জামায়াতের কর্মী ছিলেন। ছাত্রলীগ তাঁকে প্রকাশ্যে খুন করেছে। খুনিরা সবাই মুখচেনা। খুনিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. ফয়জুর রহমান জানান, আবদুল বাকীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি শেরপুর উপজেলার খামারকান্দি গ্রামের ইয়াকুব আলীর ছেলে। শহরের বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করতেন তিনি। তবে কারা কেন তাঁকে খুন করেছে, এখনো তা নিশ্চিত হওয়া যায়নি। আজ দুপুর পর্যন্ত এ ব্যাপারে কেউ মামলা করতে আসেননি।
এদিকে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি গ্রহণ ও আত্মসমর্পণের নির্দেশসহ তাঁকে নিয়ে নতুন করে ‘ষড়যন্ত্র’ করার প্রতিবাদে বগুড়ায় কাল সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় ঐক্যজোট।
গত সোমবার বিকেলে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে ১৮-দলীয় জোটের সমাবেশ থেকে এই হরতালের ঘোষণা দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও জেলা ১৮-দলীয় জোটের আহ্বায়ক সাইফুল ইসলাম।