কাল বিএনপির সমাবেশ হবেই, থাকবেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল রোববার যেকোনো মূল্যে ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। ওই কর্মসূচিতে উপস্থিত থেকে গণতন্ত্রের অভিযাত্রায় নেতৃত্ব দেবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহম্মদ এ ঘোষণা দেন। তিনি জানান, অনুমতি না পেলেও তাঁরা কাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবেন। সকাল ১০টা থেকে ১১টার মধ্যে তাঁদের কর্মসূচি শুরু হবে। খালেদা জিয়া অবশ্যই যথাসময়ে সমাবেশে উপস্থিত থাকবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন আহম্মদ বলেন, ১৮-দলীয় জোটের এ সমাবেশ হবে শান্তিপূর্ণ। এখানে কোনো সংঘাত হলে এর দায় সরকারকেই নিতে হবে। কারণ, আওয়ামী লীগ ইতিমধ্যে তাঁদের দলীয় নেতা-কর্মীদের লাঠি হাতে নামতে বলেছে। বিএনপির এই ভাইস চেয়ারম্যান অভিযোগ করে করেন, সরকার কর্মসূচিকে সামনে রেখে সড়ক, রেল ও নৌপথ বন্ধ করে দিয়েছে। সারা দেশকে অবরুদ্ধ করে রেখেছে। কালকের সমাবেশের অনুমতি দিতে আবারও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।