কাল বিমানকর্মীদের অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অযোগ্য’ পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার এক দফা দাবিতে কাল বুধবার দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন বিমানকর্মীরা। এ দিন বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত বলাকা ভবন লাউঞ্জে অবস্থান কর্মসূচি পালিত হবে। তবে যাঁরা ফ্লাইট পরিচালনার দায়িত্ব পালন করবেন, তাঁরা এ কর্মসূচির আওতার বাইরে থাকবেন।গতকাল সোমবার বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনের সামনে বিক্ষোভ শেষে আয়োজিত সমাবেশ থেকে ‘বিমান বাঁচাও ঐক্য পরিষদ’-এর আহ্বায়ক মশিকুর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন।সমাবেশ থেকে বর্তমান পরিচালনা পর্ষদের সদস্যদের বিমানে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। গত তিন বছরে তাঁদের অযোগ্যতা, অদক্ষতা ও দুর্নীতির নানা তথ্য তুলে ধরেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মকর্তা-কর্মচারীরা। বক্তারা অভিযোগ করেন, নিজেদের উড়োজাহাজ বসিয়ে রেখে বিদেশ থেকে ভাড়ায় আনা উড়োজাহাজ দিয়ে বেশি ফ্লাইট চালিয়ে পরিচালনা পর্ষদের সদস্যরা কমিশন নিচ্ছেন। তাঁরা বিদেশি এয়ারলাইনসের ব্যবসার স্বার্থে পরিকল্পিতভাবে বিমানকে ধ্বংস করে দিচ্ছেন।বিমানকে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালনা করার লক্ষ্যে ২০০৭ সালে কোম্পানি করা হয়। এর পর থেকে শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন এই সংস্থার সর্বোচ্চ নীতিনির্ধারক হলো পরিচালনা পর্ষদ। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এয়ার মার্শাল (অব.) জামাল উদ্দিনকে চেয়ারম্যান করে পরিচালনা পর্ষদ গঠন করে। তত্ত্বাবধায়ক সরকারের দুই বছর বিমান লাভ করলেও এর পর থেকে আবার লোকসান দিতে শুরু করে।এই পর্ষদের বিরুদ্ধে পাইলট, কেবিন ক্রু, প্রকৌশলী, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী ইউনিয়ন (সিবিএ), বিমান শ্রমিক লীগসহ বিমানকর্মীদের সব সংগঠন মিলে বিমান বাঁচাও ঐক্য পরিষদ গঠন করে আন্দোলনে নামে। তারা এর আগে গত ৩ মার্চ বিক্ষোভ ও ৮ মার্চ মানববন্ধন কর্মসূচি পালন করে। গতকালের সমাবেশে পাঁচ শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। তাঁরা চেয়ারম্যান জামাল উদ্দিনের বিরুদ্ধেও স্লোগান দেন।