কাল বিয়ে উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ণিল বিয়ে ম্যাগাজিনের প্রচ্ছদে মডেল হয়েছেন মেহজাবীন ও আরিফিন শুভ  l ছবি: কবির হোসেন
বর্ণিল বিয়ে ম্যাগাজিনের প্রচ্ছদে মডেল হয়েছেন মেহজাবীন ও আরিফিন শুভ l ছবি: কবির হোসেন

টাঙ্গাইলের জমকালো শাড়ি, জামদানি নাকি মিরপুরের কাতান, কোনটা পরবেন কনে? সেই সঙ্গে বরের পোশাকও চাই মানানসই। কনের বাবা চাইছেন বিয়ের মঞ্চে মেয়ে আসবে পালকি চড়ে। বরের বাড়ির ছোটরা পরবে একই রকম পোশাক। কনের সঙ্গে সাজতে যাবে বোন আর বান্ধবীরাও। তাদের জন্য কি পাওয়া যাবে বিশেষ সুবিধা? আলোকচিত্রী কি ভিডিও ধারণের কাজটাও করে দেবেন? সব প্রশ্নের সমাধান মিলবে একই জায়গায়। চলে আসুন পন্ডস-নকশা বিয়ে উৎসবে। 
আগামীকাল মঙ্গলবার সকাল থেকেই ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বসছে এই আয়োজন। বেলা ১১টা থেকে দ্বার খুলে যাবে, চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। সবাই আমন্ত্রিত এই উৎসবে। প্রথম আলোর মঙ্গলবারের ক্রোড়পত্র নকশা আর ইউনিলিভারের ব্র্যান্ড পন্ডস যৌথভাবে আয়োজন করছে এই উৎসবের। ‘বিয়ের বাজার দেশেই’, এটাই এ উৎসবের মূল ভাবনা। খুব ঝামেলা করে বিয়ের বাজার করতে দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নেই। দেশেই পাবেন বিয়ের আয়োজনের জন্য সবকিছু। আর সেসবও দারুণ বৈচিত্র্যময়।
বিয়ের সাজ, পোশাক, খাবার, ছবি, ফুল, গয়না সবকিছুরই খোঁজ থাকছে এ উৎসবে। আলাদা আলাদা স্টল নিয়ে আপনাদের জন্যই থাকছে সেরা দেশি ব্র্যান্ডগুলো। চাইলে সরাসরি পরামর্শ নিতে পারবেন রূপবিশেষজ্ঞ, আলোকচিত্রী, বিয়ের অনুষ্ঠানের আয়োজকদের কাছ থেকে। পালকি, সানাই কিংবা ব্যান্ডপার্টি—খোঁজ পাবেন সেসবেরও। আর সবই হাতের নাগালে, একই স্থানে। বিয়ের শাড়িটা বাছাই করে চলে গেলেন রূপবিশেষজ্ঞের কাছে। তিনি বলে দেবেন শাড়ির সঙ্গে কেমন সাজ মানাবে। এর পরই আলোকচিত্রীকে জানিয়ে দিন ছবিগুলো কেমন চান আপনি। আপ্যায়নে কাচ্চি বিরিয়ানি নাকি মোরগ পোলাও—সেই ভাবনাও সেরা বাবুর্চিকে দিয়ে দিন। শেষপাতে ফিরনি নাকি দই—সেই আলোচনাও হয়ে যাবে। শুধু কি বরের গাড়ি আর অনুষ্ঠানস্থলই সাজাবেন ফুল দিয়ে, নাকি নিজেদের বাড়িটাও সাজিয়ে তুলবেন, তা বলে দেবেন ফুল সাজানোয় দক্ষ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এমনকি বিয়ের পোশাকটা যদি ফরমায়েশ দিয়ে একদম নিজের মনের মতো করে বানিয়ে নিতে চান, তারও সুযোগ আছে। এ আলোচনা করে নিতে পারবেন বিয়ের পোশাক তৈরি করে এমন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে। এমনিভাবে বিয়ের প্রতিটি পর্ব যাঁরা আয়োজন করেন, সবারই প্রতিনিধিত্ব থাকছে এ উৎসবে।
সারা দিনে দেখা মিলবে নানা অঙ্গনের তারকার। নতুন বিয়ে করেছেন এমন অনেক তারকাই আসবেন সঙ্গীসহ। তাঁদের সঙ্গে আড্ডায় মেতে ওঠার সুযোগও থাকছে।
এর পাশাপাশি বিয়ের খুঁটিনাটি সবকিছু নিয়ে প্রথম আলো এবার প্রকাশ করছে বর্ণিল বিয়ে নামে বিশেষ ম্যাগাজিন। বিয়ের পোশাকের চলতি ট্রেন্ড, সাজের খুঁটিনাটি, গায়েহলুদে খাবারের আয়োজন সবই থাকছে এতে। এই ম্যাগাজিনে বিয়ে নিয়ে বিশেষ লেখা লিখেছেন সৈয়দ মনজুরুল ইসলাম, কাওসার আহমেদ চৌধুরী, মিতা হক ও আহসান হাবীব। জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের বিয়ের ছবি তোলার কথা লিখেছেন আলোকচিত্রীরা। পর্দায় বউ সাজার অভিজ্ঞতার কথা জানিয়েছেন কবরী, চম্পা, মৌসুমী ও অপু বিশ্বাস। ঝকঝকে আর্ট পেপারে ছাপা ১০৪ পৃষ্ঠার এই ম্যাগাজিন বাজারে আসবে শিগগিরই। দাম ১০০ টাকা।
শীত মানেই তো বিয়ের মৌসুম। তাই নকশা-পন্ডস বিয়ের উৎসব আয়োজনও করা হলো এ মৌসুমে। আগামীকাল বেলা ১১টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই আয়োজনে আপনার আমন্ত্রণ।