দেশের প্রায় ১৩ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য কাল রোববার জাতীয় বেতন (পে) কমিশন গঠন করা হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে বেতনকাঠামোর কিছু কিছু সংস্কার হয়েছে। এবার বেতন কমিশন করে যাবতীয় সমস্যার সমাধান করা হবে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল শুক্রবার বাংলাদেশ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস কর্মকর্তা পরিষদ ও অডিটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত মহাসমাবেশ ও অর্থমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খন্দকার আসাদুজ্জামান, সরকারি হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এম এ মান্নান এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিঅ্যান্ডএজি) মাসুদ আহমেদ।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বুধবার অর্থ বিভাগ থেকে বেতন কমিশনের ব্যাপারে দুটি সার-সংক্ষেপ অর্থমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন পেলেই কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি হবে। তবে স্থায়ী বেতন কমিশন করতে আইন সংশোধনের দরকার পড়বে বলে শেষ পর্যন্ত অস্থায়ী বেতন কমিশন গঠন করা হতে পারে।
উল্লেখ্য, ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় বেতন কমিশন গঠন করা হয়।