জিকা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সতর্কতা জারির পর স্বাস্থ্য অধিদপ্তর আগামীকাল বৃহস্পতিবার বৈঠক ডেকেছে। বাংলাদেশে কী কী সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে, সে বিষয়ে বৈঠকে আলোচনা হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক আবুল খায়ের মো. শামসুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমরা সংক্রামক ব্যাধির বিশেষজ্ঞদের ডেকেছি। বাংলাদেশে কী কী সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে, তা আলোচনা হবে ওই বৈঠকে।’
গত সোমবার বিশ্বব্যাপী সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, উত্তর আমেরিকার দেশগুলোয় জিকা ভাইরাসের সংক্রমণের শুরু হয়েছে এবং তা ছড়াচ্ছে দ্রুতগতিতে। সংক্রমণটির মোকাবিলায় গোটা বিশ্বকে এক হতে হবে। গত বছর ইবোলার সংক্রমণ ঠেকাতে ডব্লিউএইচও যে সতর্কতা জারি করেছিল, এবার সেই একই মাত্রার সতর্কতা জারি করেছে। এর মানে হলো, সংক্রমণ প্রতিরোধের উপায় খুঁজতে গবেষণার গতি বাড়ানো হবে এবং প্রয়োজনীয় অর্থের সংস্থান করা হবে।
অবশ্য বাংলাদেশে এ মুহূর্তে জিকা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মনে করেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মাহমুদুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে যেসব কর্মসূচি আছে, সেগুলো বহাল রাখা যেতে পারে।
এখন পর্যন্ত জিকার সংক্রমণ প্রতিরোধী কোনো টিকা বা ওষুধ আবিষ্কৃত হয়নি। মশা থেকে দূরে থাকা ছাড়া এখন পর্যন্ত নিরাপদ আর কোনো পন্থা নেই মানুষের হাতে। ডব্লিউএইচও বলছে, ব্রাজিলসহ মোট ২০টি দেশে এখন পর্যন্ত জিকার সংক্রমণ ঘটেছে।
চিকিৎসকেরা বলছেন, জিকা ভাইরাসে আক্রান্ত হলে ডেঙ্গুর মতো লক্ষণ দেখা দেয়। দিনের বেলায় এডিস ইজিপ্ট মশার কামড়ে এ রোগ ছড়ায়। ডেঙ্গুর মতো এ রোগটি তীব্র ও প্রাণঘাতী নয়। চিকিৎসা না করালেও জিকা ভাইরাসে আক্রান্ত বেশির ভাগ রোগী সাধারণত পাঁচ থেকে ১০ দিনের মধ্যে এমনিতেই ভালো হয়ে যায়। তবে রোগটি গর্ভস্থ শিশুর জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে।