কাল ভারত যাচ্ছেন ১০০ যুব প্রতিনিধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমন্ত্রিত অতিথি হয়ে বাংলাদেশের ১০০ সদস্যের একটি যুব প্রতিনিধিদল আগামীকাল রোববার ভারত সফরে যাচ্ছে। আজ শনিবার ভারতীয় হাইকমিশন আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানানো হয়।

রাজধানীর গুলশানে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যুব প্রতিনিধিদের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন, সংগীতশিল্পী পার্থ বড়ুয়া, এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম ও অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মীম।

পঙ্কজ সরন বলেন, যুব প্রতিনিধিদলে সমসংখ্যক ছেলে ও মেয়ে রয়েছেন, যা বাংলাদেশের প্রকৃত চিত্রকে তুলে ধরে। এই যুবরা ও তাঁদের প্রজন্মই ভবিষ্যৎ বাংলাদেশ। এই প্রতিনিধিদলের সফর দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সুসম্পর্ক তৈরিতে সহায়তা করবে। এই ছেলে-মেয়েরা যখন বাংলাদেশে ফিরে এসে নিজেদের অভিজ্ঞতা পরিবার-বন্ধু-স্বজনের সঙ্গে ভাগাভাগি করবেন, তখন দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কের একটি সুন্দর সেতু তৈরি হবে।

ভারতীয় হাইকমিশনার আরও বলেন, ভারত সরকার ২০১২ সাল থেকে এমন আমন্ত্রণ জানিয়ে দেশটির রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ ও দর্শনীয় স্থানগুলো দেখার সুযোগ দিচ্ছে। এবারের আয়োজনটি চতুর্থবারের মতো। যুব প্রতিনিধিদলটি এবার ভারতের দিল্লি, আগ্রা, জয়পুর ও কলকাতা সফর করবে। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গেও দেখা করবেন তাঁরা।

প্রতিনিধিদলের সদস্যদের অভিনন্দন জানিয়ে পার্থ বড়ুয়া বলেন, ‘আপনারা সৌভাগ্যবান, অতিথি হয়ে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাচ্ছেন। বাংলাদেশের মানুষের জন্য এটি গর্বের বিষয়।’

মুসা ইব্রাহীম যুব প্রতিনিধিদের এই সফরের অভিজ্ঞতা লিখে রাখার পরামর্শ দেন। তিনি বলেন, ‘আপনারা বাংলাদেশের দূত। দেশের পতাকা আপনারা সমুন্নত রাখবেন।’

অভিনেত্রী মীমও বাংলাদেশকে সুন্দরভাবে প্রতিনিধিত্ব করতে যুব প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল অ্যান্ড ইনফরমেশন) রাজেশ উইকে। ফার্স্ট সেক্রেটারি (প্রেস, ইনফরমেশন অ্যান্ড কালচার) সিদ্ধার্থ চট্টোপাধ্যায়সহ ভারতীয় হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।