কাল ভারত সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আমন্ত্রণে ছয় দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল বৃহস্পতিবার দিিল্লর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। প্রায় তিন দশক পর বাংলাদেশের রাষ্ট্রপতির এটাই প্রথম ভারত সফর। এটি এমন এক সময় ঘটছে, যখন দুই দেশ শিগগিরই স্থল সীমান্ত চুক্তির অনুমোদনের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। খবর বাসসের
বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রী রাশিদা খানম আগামীকাল বেলা পৌনে ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। রাষ্ট্রপতি নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে অবস্থান করবেন। আশা করা হচ্ছে, এই সফরের মধ্য দিয়ে ঘনিষ্ঠ দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার হবে।
বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে আগামী শুক্রবার রাষ্ট্রপতি ভবনে প্রণব মুখাির্জর বৈঠক অনুষ্ঠিত হবে। পরে তিনি ভারতের রাষ্ট্রপতির দেওয়া ভোজসভায় যোগ দেবেন।
এ ছাড়াও রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও বৈঠক অনুষ্ঠিত হবে।
সফরকালে রাষ্ট্রপতির সঙ্গে ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারী, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, রাজ্যসভার বিরোধীদলীয় নেতা গোলাম নবী আজাদ পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সফরকালে আবদুল হামিদ আগ্রা, জয়পুর ও কলকাতার মতো ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করবেন। ২৩ ডিসেম্বর তাঁর দেশে ফেরার কথা।