কাল ভোট, আগ্রহের সঙ্গে শঙ্কাও আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম-তিন সিটি করপোরেশনের নির্বাচনী প্রচার শেষ হয়েছে গতকাল রোববার মধ্যরাতে। কাল মঙ্গলবার ভোট গ্রহণ। এই নির্বাচন নিয়ে দেশের মানুষের আগ্রহ যেমন রয়েছে, তেমনি নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে শঙ্কা-সংশয়ও তৈরি হয়েছে।

সেনা মোতায়েন নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা, বিরোধী দল-সমর্থিত প্রার্থীদের কর্মী-সমর্থকদের পুলিশি হয়রানি, খালেদা জিয়ার গাড়িবহরে পর পর তিন দিন হামলা এবং ঢাকা ও চট্টগ্রামে দুই মেয়র প্রার্থীর ওপর হামলাসহ বিভিন্ন ঘটনায় প্রার্থীদের পাশাপাশি ভোটারদের মধ্যেও এক ধরনের ভীতি ছড়িয়েছে।

গত দুই দিন তিন সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীসহ বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে এ শঙ্কা-সংশয় ও ভীতির কথা জানা গেছে।

এরই সঙ্গে যুক্ত হয়েছে শনিবার গভীর রাতে তেজগাঁওয়ে ঢাকা উত্তরের মেয়র প্রার্থী মাহী বি চৌধুরী ও চট্টগ্রামে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী মনজুরুল আলমের কর্মীদের ওপরহামলা এবং রাজধানীর উত্তরায় দুই কাউন্সিলর প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা।

গতকাল বিকেলে কল্যাণপুর বস্তিসংলগ্ন বেলতলী মাঠে মেয়র প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফীর পক্ষে প্রচার চালানোর সময় তাঁর কর্মী ও বস্তিবাসীর ওপর আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা কয়েক দফা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এতে ৩০ জন আহত হয় বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়।

তিন সিটি করপোরেশনেই সরকারি দল-সমর্থিত প্রার্থীরা ছাড়া অন্য প্রায় সব মেয়র প্রার্থীই সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা ও উদ্বেগের কথা জানিয়েছেন। ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেন, সেনা মোতায়েন নিয়ে যে টালবাহানা করা হলো, তা শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।

ঢাকা দক্ষিণের বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস দাবি করেন, নির্বাচন কমিশন ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারেনি। তারা ভোটারদের মনে ভীতি ঢুকিয়ে দিয়েছে। সেনাবাহিনী মাঠে না রাখাটা ষড়যন্ত্রের অংশ।

সরকার-সমর্থক প্রার্থীরা ছাড়া বাকি প্রায় সব প্রার্থীই শঙ্কা ও উদ্বেগের কথা জানিয়ে বলেছেন, মাঠে সেনা মোতায়েন থাকলে ভোটাররা আস্থা পেতেন।

তবে উত্তরের আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আনিসুল হক বলেন, তিনি নির্বাচনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ইচ্ছা দেখতে পাচ্ছেন। নির্বাচনের পরিবেশ নিয়ে কোনো শঙ্কা আছে বলে তিনি মনে করেন না।

দক্ষিণে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন মনে করেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে। ভোটাররা শান্তিপূর্ণভাবেই ভোট দিতে পারবেন। মানুষের মধ্যে কোনো শঙ্কা বা ভীতি আছে বলে তিনি মনে করেন না।

উত্তরের মেয়র প্রার্থী জোনায়েদ সাকি অভিযোগ করেন, ভীতি প্রদর্শন ও হামলা বন্ধের কোনো উদ্যোগ নির্বাচন কমিশন নিচ্ছে না। কর্মীদের হুমকি দিয়ে, পরিবারের সদস্যদের ভয় দেখিয়ে নির্বাচন থেকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে। নির্বাচন কমিশন ভীতিমুক্ত পরিবেশ সৃষ্টির কোনো চেষ্টাই করেনি।

ঢাকা দক্ষিণে সিপিবি-বাসদের মেয়র প্রার্থী বজলুর রশিদ ফিরোজ বলেন, ভোটের জন্য একটি সুষ্ঠু পরিবেশ তৈরির ক্ষেত্রে কমিশন কাজ করতে পেরেছে বলে তিনি মনে করেন না।

অবশ্য ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ দাবি করেন, কমিশন কোনো ব্যাপারে ছাড় দিচ্ছে না। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আইনশৃঙ্খলা রক্ষায় সব ব্যবস্থাই নেওয়া হয়েছে।

শুধু প্রার্থীরাই নন, ঢাকার ভোটারদের অনেকে নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কায় আছেন। স্বামীবাগের রুমি স্টোরের মালিক মনোয়ার হোসেন বলেন, ‘এবাবের ভোটের যে পরিবেশ তাতে মনে হচ্ছে ভোট ভালো হবে না। সবকিছু কেমন যেন ছাড়া ছাড়া লাগছে।’

জুরাইনের ভোটার ব্যাংক কর্মকর্তা রোমেনা আক্তার বলেন, তিনি ভোট দিতে যাবেন না। বাসাতেই থাকবেন। কারণ, ভোটকেন্দ্রে মারামারি হলে বাচ্চা নিয়ে সমস্যায় পড়বেন। মারামারির আশঙ্কা কেন করছেন জানতে চাইলে তিনি বলেন, ‘কয়েক দিন ধরেই তো ঢাকায় ভোট নিয়ে মারামারি হচ্ছে। এ জন্য ভয় পাচ্ছি।’

মধুবাগেরআবদুর রব বলেন, ‘দেখেন না আর্মি নামানো নিয়া কী করল? এইগুলা কিসের আলামত? নির্বাচন সুষ্ঠু হবে না।’মালিবাগ চৌধুরীপাড়ার কাশেম মিয়া বলেন, সরকার ভয় দেখানোর চেষ্টা করছে। শেষ পর্যন্ত কী হয় তা বলা মুশকিল। কামরাঙ্গীরচর এলাকার ভোটার সিএনজিচালক রইসউদ্দিন মনে করেন, ভোট দিলেও সরকার জিতবে না দিলেও জিতবে। তার পরও তিনি ভোট দিতে যাবেন।

আনিসুল হকের নির্বাচন সমন্বয়কারী সাংসদ ফারুক খান নির্বাচন নিয়ে সব শঙ্কা উড়িয়ে দেন। তাঁর দাবি, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ স্বাভাবিক আছে। সেনাবাহিনী বা আইনশৃঙ্খলা রক্ষায় কী করা হবে, সেটা নির্বাচন কমিশনই নির্ধারণ করবে। এ নিয়ে আওয়ামী লীগের কোনো অবস্থান নেই।

শঙ্কা চট্টগ্রামেও: প্রচারে হামলা, নেতা-কর্মীদের বাড়ি বাড়ি পুলিশের তল্লাশি ও গ্রেপ্তারের কারণে চট্টগ্রামে সুষ্ঠু নির্বাচন নিয়ে ভোটারদের অনেকের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। ভোট গ্রহণকারী কর্মকর্তাদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন বিএনপির নেতারা।

গতকাল দুপুরে প্রচারের শেষ দিনেও পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় মনজুর আলমের কর্মীদের ওপর হামলা হয়েছে। আগের রাতে মনজুরের নির্বাচনী পোস্টার লাগানোর সময় কুপিয়ে জখম করা হয় যুবদলের এক কর্মীকে। একই দিন বিকেলে ওই এলাকায় বিএনপি-সমর্থিত এক নারী কাউন্সিলরের বাড়িতে গিয়ে তাঁর স্বামীকে হুমকি দেয় সন্ত্রাসীরা।

হামলা ও হুমকিসহ নেতা-কর্মীদের গ্রেপ্তারের ঘটনায় বিএনপির নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা আতঙ্কিত বলে দাবি করেছেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি গতকাল সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, সন্ত্রাসীদের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে ভোটকেন্দ্র দখলের চেষ্টা করা হচ্ছে। জোর করে নির্বাচনের ফল নিজেদের পক্ষে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে সরকার।

তবে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ভোটকেন্দ্র দখলের কথা উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হচ্ছে। ভয় দেখিয়ে নির্বাচনকে প্রভাবিত করার যে কথা বলা হচ্ছে, তা অপপ্রচার। সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন করতে সরকার আন্তরিক।

আতঙ্কের কারণে কিছু এলাকায় বিএনপি-সমর্থিত প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে নেতা-কর্মীর আনাগোনা কমে গেছে। আগ্রাবাদে সরকারি কমার্স কলেজের পাশে মনজুর আলমের নির্বাচনী ক্যাম্প করা হয় সপ্তাহখানেক আগে। গতকাল বেলা সাড়ে ১১টায় গিয়ে ক্যাম্প ফাঁকা দেখা যায়।

তবে এই ক্যাম্পের উল্টো দিকে আওয়ামী লীগ সমর্থিত আ জ ম নাছিরের নির্বাচনী ক্যাম্পের চিত্র ভিন্ন। সেখানে ছয়-সাতজন যুবককে দেখা যায় ল্যাপটপ থেকে ভোটারদের নাম ও নম্বর বের করে তা হাতি প্রতীকসংবলিত কাগজে টুকে নিচ্ছেন।

গতকাল বেলা ১২টার দিকে মোগলটুলি থেকে হালিশহর যাওয়ার পথে উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের হাজীপাড়া এলাকায় সাত-আটজনকে মনজুর আলমের প্রতীক কমলালেবুর পক্ষে প্রচারপত্র বিলি করতে দেখা যায়। কিছুক্ষণ পর তাঁদের ধাওয়া দেওয়া হয়। সরকার সমর্থকেরা এ কাজ করেছেন বলে অভিযোগ ওঠে।

তবে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম দাবি করেন, কাউকে বাধা দেওয়া হচ্ছে না। কোনো রকম ধাওয়ার ঘটনা ঘটেনি।

নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম বলেন, ‘ছোটখাটো দু-একটা ঘটনা এত বড় নির্বাচনে ঘটতেই পারে। এটা কোনো বড় ঘটনা নয়। আর শঙ্কা-আতঙ্ক সব বিরোধী দলের নিত্যসঙ্গী। ২৮ তারিখ সব বিষয়ের জবাব মিলবে।’

১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের মনজুর আলমের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ফজলুল কাদের চৌধুরী ও সদস্যসচিব সিরাজুল ইসলাম চার দিন ধরে গ্রেপ্তার এড়াতে রাতে বাসায় থাকছেন না। তাঁরা জানান, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চাপে নির্বাচনের কাজ করা দূরে থাক, ভোট দেওয়াটা অসম্ভব হয়ে উঠেছে। দুজনের নামে থানায় কোনো মামলাও নেই। অথচ পুলিশ তাঁদের বাড়িতে হানা দিচ্ছে।

ওয়ার্ড বিএনপির আহ্বায়ক গাজী ইউসুফ এবং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আলমগীর টিটুসহ প্রায় ২০ জন নেতা-কর্মীর বাসায় গত চার দিনে পুলিশ অভিযান চালিয়েছে বলে নেতারা জানান।

এ বিষয়ে হাটহাজারী থানার ওসি মোহাম্মদ ইসমাইল জানান, মামলা না থাকলেও এঁদের বিরুদ্ধে নাশকতার চেষ্টা চালানোর অভিযোগ রয়েছে। তাই নির্বাচনের আগে তাঁদের আটকের জন্য অভিযান চলছে।