নির্বাচনের এক দিন আগেও চট্টগ্রাম-১২ (আনোয়ারা-পশ্চিম পটিয়া) আসনের উপনির্বাচনে ভোটারদের মধ্যে কোনো উদ্দীপনা দেখা যাচ্ছে না। প্রচারণার শেষ দিন গতকাল মঙ্গলবারও এ নিয়ে কোনো নির্বাচনী উত্তাপ চোখে পড়েনি।কাল বৃহস্পতিবার এখানে ভোট গ্রহণ হবে। ওই দিন আনোয়ারায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুতে শূন্য হওয়া এই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন তাঁরই বড় ছেলে সাইফুজ্জামান চৌধুরী (নৌকা প্রতীক)। অপর প্রার্থী হচ্ছেন গণফোরামের উজ্জ্বল ভৌমিক (উদীয়মান সূর্য)। গতকাল সাইফুজ্জামান চৌধুরী উপজেলার বারখাইনের হাজির হাট, তৈলারদ্বীপ, বৈরাগ, চাতরী, আনোয়ারা সদর, কর্ণফুলীর মইজ্যার টেকসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। অন্যদিকে গণফোরামের উজ্জ্বলের প্রচারণা তেমন চোখে পড়েনি। উজ্জ্বল ভৌমিক তাঁকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে বলে সাংবাদিকদের টেলিফোনে অভিযোগ করেন। তবে এ ধরনের কোনো অভিযোগ তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে করেননি। চর পাথরঘাটা এলাকার ভোটার মোরশেদ ও জাহাঙ্গীর বলেন, ‘নির্বাচন হবে শুনেছি। তবে এ নিয়ে অন্যান্য বারের মতো এত জৌলুশ নেই। লোকজনের কোনো আগ্রহ আমরা দেখছি না।’ একই কথা বললেন পারকি এলাকার দোকানি মো. আলমগীরও।রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ আহমদ খান বলেন, ‘আমরা প্রস্তুত। নিরাপত্তার দিক থেকেও যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’ এই আসনে মোট ভোটার দুই লাখ ৫০ হাজার ৭৭১ জন। মোট ৯০টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।