কাল মধ্যরাত থেকে নৌযান ধর্মঘট শুরু
নৌযান শ্রমিকদের মজুরি বৃদ্ধি, নৌপথে নিরাপত্তা বাড়ানোসহ আট দফা দাবিতে কাল বুধবার মধ্যরাত থেকে সারা দেশে নৌযান ধর্মঘট শুরু হতে যাচ্ছে। এ ধর্মঘট সফল করতে দেশের বিভিন্ন শ্রমিক সংগঠন থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। নৌযান শ্রমিকদের এ দাবির পক্ষে বেশ কয়েকটি শ্রমিক সংগঠন সমর্থনও জানিয়েছে। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) কেন্দ্রীয় নেতারা গতকাল সোমবার এক বিবৃতিতে নৌশ্রমিকদের ওই ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়েছেন। নেতারা শ্রমিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে তাঁদের দাবিদাওয়া মেনে নেওয়ার আহ্বান জানান। স্কপের পক্ষে শ্রমিকনেতা শহিদুল্লাহ চৌধুরী, শুক্কুর মাহমুদ, জাফরুল হাসান, সফিউদ্দিন আহমেদ, রাজেকুজ্জামান রতন এ বিবৃতি দেন। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি এম এ করিম ও সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার (অব.) এম জাহাঙ্গীর হুসাইন এক যুক্ত বিবৃতিতে ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়েছেন। গণতান্ত্রিক ফ্রন্টের নেতারা বলেন, সরকার শ্রমিকদের দাবিদাওয়া মেনে নিয়ে তা সমাধান না করে ষড়যন্ত্র ও চক্রান্তের পথই বেছে নিয়েছে। ফলে এ খাতের শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। এ ব্যাপারে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার দায়ভার সরকারকে বহন করতে হবে বলে তাঁরা হুঁশিয়ার করে দেন। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন নৌ ধর্মঘটের পক্ষে গতকাল রাজধানীতে একটি মিছিল সমাবেশের আয়োজন করে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলমের নেতৃত্বে মিছিলটি সদরঘাট থেকে শুরু হয়ে গুলিস্তান হয়ে প্রেসক্লাবে এসে শেষ হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নৌযান শ্রমিকদের এসব দাবি মেনে নিয়ে সরকারের মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশ্বাস দেওয়ার পর পাঁচ মাস হয়ে গেলেও এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। দাবি আদায় না হলে ৯ জানুয়ারি শুরু হওয়া ধর্মঘট অবিরাম চলবে বলেও বক্তারা জানান।