চট্টগ্রামের হাটহাজারীতে দারুল উলুম মুঈনুল বড় মাদ্রাসায় গতকাল বুধবার জরুরি বৈঠক করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
বৈঠকে ২৪ ডিসেম্বর ঢাকার শাপলা চত্বরে এবং ১২ ও ১৩ নভেম্বর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদ জানান হেফাজতের নেতারা।
বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতের আমির ও হাটহাজারী দারুল উলুম মুঈনুল মাদ্রাসার মহাপরিচালক শাহ আহমদ শফি।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব জুনায়েদ বাবুনগরী, নায়েবে আমির মহিবুল্লাহ বাবুনগরী, শামসুল আলম, ঢাকা মহানগরের আহ্বায়ক নূর
হোসেন হাশেমী, আজিজুল হক ইসলামাবাদীসহ কেন্দ্রীয় নেতারা।
বৈঠকে বর্তমান পরিস্থিতি নিয়ে হেফাজতের করণীয় নিয়ে আলোচনা হয়। কাল শুক্রবার সারা দেশে মসজিদে মসজিদে দোয়া ও জেলা-উপজেলায় শানে রেসালত সমেঞ্চলন করার সিদ্ধান্ত হয়েছে।
বৈঠক শেষে জুনায়েদ বাবুনগরী সাংবাদিকদের বলেন, দেশ আজ অস্থিতিশীল ও নিরাপত্তাহীন অবস্থায়। গণতান্ত্রিক প্রতিবাদ ও মত প্রকাশের পরিবেশ নেই। দেশের জনসাধারণের জানমালের নিরাপত্তা এতটাই নাজুক যে ঘরে-বাইরে কোথাও কারও নিরাপত্তা নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রতিপক্ষের হামলা ও গুলিতে হতাহতের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। সরকার হেফাজতকে দেশের কোথাও সভা-সমাবেশ করতে দিচ্ছে না। সরকারের এই আচরণে গণতন্ত্র হরণের রূপ ফুটে উঠেছে।
হেফাজত আমিরের প্রেস সচিব মুনির আহমদ বলেন, বর্তমান রাজনৈতিক পরিবেশ নিয়ে বৈঠকে হেফাজতের আমির গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ঢাকার শাপলা চত্বরে হেফাজতকে সমাবেশ করতে না দেওয়া ও তাঁকে ঢাকায় যেতে বাধা দেওয়ার নিন্দা করেন।