বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামীকাল বুধবার মুন্সিগঞ্জে সমাবেশ করতে যাচ্ছেন। মুন্সিগঞ্জ লঞ্চঘাটের কাছে হাট লক্ষ্মীগঞ্জে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা। বিকেলে খালেদা জিয়া এ সমাবেশে বক্তব্য দেবেন।
আজ মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, মুন্সিগঞ্জ জেলা বিএনপি আয়োজিত ওই সমাবেশের অনুমতি পাওয়া গেছে। সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো বাধা দেয়নি। আজ দুপুর পর্যন্ত সমাবেশের ৭৫ শতাংশ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গুম, খুন, অপহরণ, কথিত ‘বন্দুকযুদ্ধে’র প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। কাল বেলা দেড়টার দিকে খালেদা জিয়া সমাবেশের উদ্দেশে ঢাকা থেকে রওনা হবেন।
এর আগে গুম-খুনের প্রতিবাদে ১৭ মে রাজধানীর ডেমরা-যাত্রাবাড়ীতে সমাবেশ করতে চেয়েছিল বিএনপি। কিন্তু সে সময় অনুমতি মেলেনি। এরপর ২২ মে গুম-খুনের প্রতিবাদে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এবং সর্বশেষ গত শনিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে খালেদা জিয়াকে সমাবেশ করতে দেওয়া হয়নি।