কাল রাজধানী ছিল কুয়াশায় ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোর হয়েছিল, সূর্যও উঠেছিল। তারপর বেলা বেড়েছে যথারীতি, কিন্তু ভোরের আবছায়া আর কাটেনি। গতকাল সোমবার সারা দিন রাজধানী ছিল কুয়াশার ঘোরে আচ্ছন্ন। বিকেলের পর থেকে ছিঁটেফোঁটা বৃষ্টিও। তবে তাতে পথের শুকনা ধুলো ভেজেনি। রবং শীতের প্রভাব সামান্য বেড়েছে। সাধারণ নগরবাসীর ধারণা, এ কুয়াশার ঘোর আর গুঁড়িগুঁড়ি বৃষ্টি শীত নামাবে ঢাকায়।অগ্রহায়ণ মাস শেষ হয়ে এলেও ঢাকা শহরে এবার এখনো শীতের প্রভাব তেমন পড়েনি। সারা দেশে অবশ্য শীত এর মধ্যেই বেশ জেঁকে বসেছে, বিশেষ করে উত্তরাঞ্চলে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, আজ মঙ্গলবার ঢাকাসহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও সিলেট জেলার দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। নদ-নদীর অববাহিকায় কুয়াশা জমবে। তবে সারা দেশের রাতের তাপমাত্রার তেমন তারতম্য ঘটবে না। আবহাওয়া বিভাগের নিয়মিত ত্রৈমাসিক পূর্বাভাসে বলা হয়েছে, ডিসেম্বরে সামগ্রিকভাবে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা ক্রমেই কমতে থাকবে। মাসের দ্বিতীয়ার্ধে দেশের উত্তর ও পূর্বাঞ্চলে এক থেকে দুটি মৃদু ও একটি মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তাতে তাপমাত্রা ৬-১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।