কাল শক্তি দেখাতে চায় জামায়াত
রাজধানী ঢাকাসহ সারা দেশে কাল ২৫ অক্টোবর বড় আকারে বিক্ষোভ সমাবেশ করার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে ১৮-দলীয় জোটের শরিক দল জামায়াতে ইসলামী। আজ সরকারের শেষ দিন ধরে নিয়ে কাল রাস্তায় সেই লক্ষ্যকে সামনে রেখে প্রতিক্রিয়া দেখাতে নির্দেশনা দেওয়া হয়েছে দলের নেতা-কর্মীদের। জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে এ খবর জানা গেছে।
তবে ঢাকার বিক্ষোভ-সমাবেশে বিএনপি শক্তভাবে না নামলে জামায়াতও কৌশলী হবে। অবশ্য ঢাকার বাইরে জামায়াত শক্তভাবে নামার প্রস্তুতি নিয়ে রেখেছে।
নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একজন সদস্য বলেন, ‘আমরা আশা করি, বিএনপি ভালো-ভাবেই নামবে। যদি তা না হয়, আমাদের কর্মীরা বিএনপির অবস্থান দেখেই কর্মসূচিতে অংশ নেবে।’
জামায়াত মনে করে, আজ ২৪ অক্টোবর মহাজোট সরকারের শেষ দিন। কাল থেকে এ সরকারের আর বৈধতা নেই। সে জন্য সারা দেশে তীব্র প্রতিক্রিয়া প্রদর্শনের মাধ্যমে প্রশাসন ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের বুঝিয়ে দিতে চায় জামায়াত। এক মাস ধরে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা গোপনে সাংগঠনিক প্রস্তুতিও নিয়েছেন।
গতকাল বুধবার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন, কোনো ষড়যন্ত্রই ২৫ অক্টোবরের সমাবেশকে বাধাগ্রস্ত করতে পারবে না। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁদের সমাবেশ হবে শান্তিপূর্ণ এবং এতে ব্যাপক জনসমাগম হবে।
জামায়াতের কয়েকজন নেতা বলেন, তাঁদের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরসহ সব পর্যায়ের নেতারা দীর্ঘদিন ধরে আত্মগোপনে আছেন। ২৫ অক্টোবরের সমাবেশ সফল করতে গোপন অবস্থান থেকেই তাঁরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন। কিন্তু জোটের প্রধান শরিক বিএনপির সে রকম প্রস্তুতি গতকাল পর্যন্ত দৃশ্যমান নয়। এর কারণ হিসেবে জামায়াতের নেতারা বলছেন, রাজধানীতে বড় সফল আন্দোলন গড়ার জন্য বিএনপি ও জামায়াতের মধ্যে সমন্বয় সাধন জরুরি। কিন্তু গতকাল পর্যন্ত দল দুটির ঢাকা মহানগর কমিটির মধ্যে সমন্বয়ের জন্য কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
তা ছাড়া ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যেও বড় ধরনের দূরত্ব রয়ে গেছে। এ নিয়ে জামায়াতের নীতিনির্ধারণী পর্যায়ে কিছুটা ক্ষোভ ও হতাশা আছে বলেও সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়।
জানতে চাইলে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রথম আলোকে বলেন, ‘বিএনপির সঙ্গে সমন্বয় হচ্ছে না, এ ধরনের তথ্য আমার জানা নেই। সময় তো বেশি নেই। সমন্বয় আছে কি নেই, তা শিগগিরই দেখতে পাবেন।’
জামায়াত ও ছাত্রশিবিরের একাধিক সূত্র জানায়, ২৫ অক্টোবর রাজধানীসহ সারা দেশে বিভিন্ন মহাসড়ক ও গুরুত্বপূর্ণ ৪৭টি জায়গায় জড়ো হওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর পাশাপাশি রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়কেন্দ্রিক নয়াপল্টন এলাকায় সমাবেশ করার প্রস্তুতি রয়েছে।
সূত্রগুলো জানায়, নয়াপল্টনে সমাবেশ করার লক্ষ্যে শুক্রবার সকাল থেকে রাজধানীর পাঁচটি এলাকায় সংগঠিত হবে নেতা-কর্মীরা। যদি পুলিশ এসব জায়গায় জড়ো হতে বাধা দেয় এবং নয়াপল্টনে সমাবেশ করতে না দেয়, তখন বিক্ষোভ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। ২৫ অক্টোবর ঘিরে এসব সাংগঠনিক প্রস্তুতির বেলায় কঠোর গোপনীয়তা অবলম্বন করা হচ্ছে।