কাল শুরু হচ্ছে আইক্যাপ১২
আগামীকাল শনিবার রাজধানীতে শুরু হচ্ছে এইডস বিষয়ক এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চলের আন্তর্জাতিক সম্মেলন। আয়োজকেরা বলছেন, ‘আইক্যাপ১২’ নামের এই সম্মেলনে ৫৬টি দেশের প্রায় এক হাজার বিদেশি প্রতিনিধি অংশগ্রহণ করবেন।
আগামীকাল দুপুর ১২টায় রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এই সম্মেলনের উদ্বোধন করবেন বলে কথা আছে। সম্মেলন সূত্রে জানানো হয়েছে, তিন দিনের এই সম্মেলনে তিনটি প্লেনারিসহ ৫০টির মতো বৈজ্ঞানিক অধিবেশন হবে। এতে প্রায় ৪০০ বিজ্ঞানী ও গবেষক প্রবন্ধ ও প্রতিবেদন উপস্থাপন করবেন। এই সম্মেলনের প্রতিপাদ্য ‘২০৩০ সালের মধ্যে এইডস মুক্ত পৃথিবী অর্জন’।
এই আন্তর্জাতিক সম্মেলন প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। এক সঙ্গে প্রচুর বিদেশি আসার কারণে সম্মেলন কেন্দ্রকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন।
১৪ মার্চ ঢাকা ঘোষণার মধ্য দিয়ে এই সম্মেলন শেষ হবে।