কাল বৃহস্পতিবার থেকে দেশজুড়ে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর পরীক্ষায় ১০টি শিক্ষা বোর্ডের সাত হাজার ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের সাত লাখ ৩৬ হাজার ৩৭৩ জন পরীক্ষার্থী অংশ নেবে। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ১৪ হাজার ১৪৯ জন।পরীক্ষা নেওয়ার সব প্রস্তুতি শেষ হওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘এবারের পরীক্ষার পরিবেশ হবে সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দময়। পরীক্ষার্থীরা নির্ঞ্ঝাটে তাদের অর্জিত জ্ঞান, মেধা ও যোগ্যতা পরীক্ষার খাতায় তুলে ধরতে পারবে।’ সম্মেলনে জানানো হয়, এ বছর পরীক্ষার্থী ঝরে পড়ার হার ১৮ দশমিক ২৪, যা গত বছরের তুলনায় ১ দশমিক ৬৮ শতাংশ কম।শিক্ষামন্ত্রী বলেন, কোনো শিক্ষক নকলের সঙ্গে জড়িত হলে তাঁর বেতনের সরকারি অংশ (এমপিও) বাতিল করা হবে। যেসব কেন্দ্র নকলপ্রবণ প্রমাণিত হবে, পরবর্তী বছরের জন্য সেসব কেন্দ্র বাতিল করা হবে। তিনি সুুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে সব এলাকার জনপ্রতিনিধি ও রাজনীতিবিদদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।এবার মোট পরীক্ষার্থীর মধ্যে চার লাখ ৪৬৪ জন ছাত্র এবং তিন লাখ ৩৫ হাজার ৯০৯ জন ছাত্রী। আটটি সাধারণ শিক্ষা বোর্ডে তিন হাজার ২৪২টি কলেজে পরীক্ষার্থী পাঁচ লাখ ৮৭ হাজার ৫৪০ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দুই হাজার ৬৪০টি মাদ্রাসা থেকে ৭৪ হাজার ৪১৩ জন পরীক্ষা দিচ্ছে। এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের এক হাজার ৩০২টি প্রতিষ্ঠানে পরীক্ষার্থী ৭০ হাজার ৫০৪ জন।