কাল শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের মধ্যেই উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা । এই পরীক্ষা শুরুর কথা ছিল ২ ফেব্রুয়ারি । বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট ওই দিন হরতাল ডাকলে তা পিছিয়ে শুক্রবারে নিয়ে আসা হয়।

সকাল নয়টায় শুরু হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। পরদিন শনিবার হবে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা। এই পরীক্ষা গত বুধবার হওয়ার কথা ছিল। এটিও হরতালের কারণে পেছানো হয়।
এবার সারা দেশে তিন হাজার ১১৬টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। ১০টি শিক্ষা বোর্ডের মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন।
শিক্ষা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা বলছেন, তাঁরা সব ধরনের প্রস্তুতি নিয়েছেন । প্রশাসনিকভাবেও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে ।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শ্রীকান্ত কুমার চন্দ আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘আমরা পরীক্ষা গ্রহণের শতভাগ প্রস্তুতি নিয়েছি। আশা করছি কোনো সমস্যা হবে না ।’