
সৃজনশীল ও গবেষণাধর্মী বই তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দিতে চট্টগ্রামে সাত দিনব্যাপী বইয়ের আড়ংয়ের (মেলা) আয়োজন করেছে বাংলা একাডেমি। ১০ জুন মঙ্গলবার সকাল ১০টায় নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে এর উদ্বোধন করেন সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। আগামীকাল সোমবার শেষ হচ্ছে এ আড়ং।
একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী ও চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রাশেদ রউফ।
লোকবিজ্ঞানী শামসুজ্জামান খান বলেন, ঢাকায় বইয়ের আড়ংয়ের আয়োজন করা হয়। আমরা চিন্তা করেছি, শুধু একটি নগরের মানুষ এ সুযোগ পাবে তা হবে না। আমরা নতুন আইনের আলোকে প্রতিটি বিভাগীয় শহরে আড়ংয়ের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি। বইয়ের আড়ংয়ে পাঠকেরা ৩৫ থেকে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ে বই কিনতে পারবে। এক হাজার ৮০০ টাকার বই ৬০০ টাকায় এবং ৩৩ টাকার বই মাত্র নয় টাকায় কিনতে পারবে। এখানে জীবনী গ্রন্থ যেমন পাওয়া যাবে, বিশ্বসাহিত্যের প্রধান প্রধান ক্লাসিক্যালগুলোর অনুবাদ গ্রন্থও পাওয়া যাবে। ।
এ ছাড়া আড়ং উপলক্ষে তিন দিনের আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রথম দিন ‘চট্টগ্রামে সাহিত্য চর্চা’ শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করেন কবি-সাংবাদিক আবুল মোমেন। আলোচনায় অংশ নেন ড. মাহবুবুল হক, ড. মহীবুল আজিজ, অধ্যক্ষ আনোয়ারা আলম ও রাশেদ রউফ। দ্বিতীয় দিন ১১ জুন ‘চট্টগ্রামের লোকসাহিত্য ও সংস্কৃতি’ শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করেন সাহিত্যিক ফাহমিদা আমিন। আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. মো. আবুল কাসেম, ড. মনজুর উল আমিন চৌধুরী, গবেষক মুহম্মদ ইসহাক চৌধুরী ও আহমদ মমতাজ। তৃতীয় দিন ১২ জুন ‘চট্টগ্রামে সাংবাদিকতার বিকাশ’ শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক অরুণ দাশগুপ্ত। আলোচনায় অংশ নেন সাংবাদিক কবি স্বপন দত্ত ও ওমর কায়সার। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী আয়েশা হক। ধন্যবাদ বক্তব্য দেন একাডেমির উপপরিচালক আফজাল হোসেন।
তৃতীয় দিনে ‘চট্টগ্রামে সাংবাদিকতার বিকাশ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, সংবাদপত্র প্রকাশের ক্ষেত্রে চট্টগ্রামের ভূমিকা অপরিসীম। প্রথম বাংলা দৈনিক প্রকাশের গৌরবের সঙ্গে যুক্ত হয়েছে ভিশন ও মিশন। তাঁরা বলেন, কালের ধারাবাহিকতায় এ অঞ্চলের পত্রিকাগুলো পাঠকের চাহিদা মেটাতে সক্ষম হয়েছে। তাঁরা বলেন, এক যুগ সন্ধিক্ষণে প্রকাশিত হয় দৈনিক আজাদী। অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে বিভিন্ন সমস্যা তুলে ধরে এটি চট্টগ্রামের গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
আলোচকেরা তাঁদের বক্তব্যে চট্টগ্রামের সংবাদপত্র ও সাংবাদিকতার বিকাশ বিষয়ে বিস্তৃৃত তথ্য তুলে ধরেন।
বইয়ের আড়ং আগামীকাল ১৬ জুন পর্যন্ত ( সকাল ১০টা থেকে রাত আটটা) চলবে। পাঠকেরা ৩৫% থেকে শুরু করে ৭০% পর্যন্ত ছাড়ে বই কেনার সুযোগ পাচ্ছেন।