কাল জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ প্রথম আলো ডটকমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস সচিব বলেছেন, জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় জাতির সামনে তুলে ধরে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র প্রথম আলো ডটকমকে জানিয়েছে, প্রধানমন্ত্রীর রেকর্ড করা ওই বক্তব্য সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে। এ ছাড়া বেসরকারি সব টেলিভিশন চ্যানেলও প্রধানমন্ত্রীর ভাষণ একযোগে সম্প্রচার করবে বলে জানা গেছে।
ওই সূত্র আরও জানিয়েছে, দেশের চলমান রাজনৈতিক সংকট, ২৪ অক্টোবরের পর থেকে বিরোধী দলের আন্দোলনের হুমকি, সংসদ বহাল রেখে নির্বাচন হবে কি হবে না, প্রধানমন্ত্রী পদে থেকে নির্বাচনের যৌক্তিকতা বিষয়ে সংবিধানের ব্যাখা ও মহাজোট সরকারের উন্নয়নের চিত্র প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে।
এ ছাড়া উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় মহাজোটকে আরেকবার ক্ষমতায় আনতে জনগণের কাছে ভোট চাইতে পারেন প্রধানমন্ত্রী। তবে রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলকে আলোচনায় বসতে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবেন কি না, তা নিশ্চিত করেনি ওই সূত্র।
এর আগে ১৪ অক্টোবর রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত প্রধানমন্ত্রীকে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার আহ্বান জানান। তিনি বলেছিলেন, ‘সংবিধান নিয়ে বিরোধী দলের নেতারা যে বক্তব্য দিচ্ছেন, এতে জাতি বিভ্রান্ত হচ্ছে। এই বিভ্রান্তি দূর করার জন্য প্রধানমন্ত্রীকে বলব, আপনি জাতির উদ্দেশে ভাষণ দিন। সংবিধানের সমস্ত বিষয় তুলে ধরেন। তাহলে তাঁরা বিভ্রান্তি ছড়াতে পারবেন না।’
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের ৬৮ তম সাধারণ পরিষদ যোগদান শেষে, বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন— রাজনৈতিক সংকট নিরসন ও সব বিভ্রান্তি দূর করতে শিগগিরই তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন।