কাল সব পাওনা না পেলে হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজিএমইএ ঘেরাও কর্মসূচি
বিজিএমইএ ঘেরাও কর্মসূচি

আগামীকাল বুধবার তোবার কারখানায় এসে তিন মাসের বকেয়া বেতন ও বোনাস দেওয়ার দাবি জানিয়েছেন শ্রমিকেরা। দাবি না মানলে হরতাল ও অবরোধের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন তাঁরা।

আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে পোশাকশিল্প মালিকদের সংগঠন (বিজিএমইএ) ভবন এলাকা দুই ঘণ্টা ঘেরাও করে শ্রমিকেরা। তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির ব্যানারে বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত ঘেরাও কর্মসূচি চলে। সম্পূর্ণ বকেয়া বেতন পরিশোধ না করলে আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে বলে জানিয়েছেন শ্রমিকেরা।

স্লোগানে স্লোগানে দাবি

ঘেরাও চলাকালে ‘যে হাত বেতন দেয় না, সেই হাত ভেঙে দাও’, ‘আমরা সবাই শ্রমিক সেনা, ভয় করি না বুলেট বোমা’, ‘মালিকেরা ঈদ করে, শ্রমিকেরা না খেয়ে মরে’ এরকম বিভিন্ন স্লোগানে মুখরিত হয়  বিজিএমইএ ভবন এলাকা। দাঙ্গাগাড়ি, জলকামান, লাঠিপেটা, পুলিশ ও র্যাবের উপস্থিতিতে কর্মসূচি চলে।  

পুলিশের লাঠিপেটা

ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে বিজিএমইএ ভবন এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মোতায়েন করা হয়। কর্মসূচির শুরুতে শ্রমিকেরা বিজিএমইএ ভবনে ঢোকার চেষ্টা চালান। এ সময় পুলিশ তাঁদের মৃদু লাঠিপেটা করে সরিয়ে দেয়। পরে শ্রমিকেরা ভবনের সামনে সমাবেশ করেন। সেখান থেকে বিভিন্ন বক্তব্য ও স্লোগান দেন তাঁরা। সকাল থেকে বিজিএমইএ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। সেখানে দাঙ্গাগাড়ি, জলকামান, পুলিশ মোতায়েন ছিল। ঘটনাস্থল থেকে একটু দূরে র্যাবের তিন থেকে চারটি গাড়ি ছিল।

দাবি না মানলে হরতাল, অবরোধ

বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি  জহিরুল ইসলাম জহির বলেন,  ‘বিজিএমইএকে বলব শ্রমিক আন্দোলন ও বেতন নিয়ে রাজনীতি না করতে। শ্রমিক আন্দোলনকে বিভক্ত করার চেষ্টা হলে পরিণতি হবে ভয়াবহ। বেতন দিতে হলে সব বকেয়া বেতন একসঙ্গে তোবার  কারখানায় গিয়ে দিতে হবে।’

জহিরুল ইসলাম জহির আরও বলেন, ‘যদি আগামীকালের মধ্যে সব পাওনা পরিশোধ করা নাহয় পরশুদিন থেকে হরতাল অবরোধের মত কর্মসূচিতে যেতে আমরা বাধ্য হব।’

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহকারী সম্পাদক জলি তালুকদার বলেন, ‘কালকের  মধ্যে শ্রমিকদের তিন মাসের বেতন, বোনাস ও ওভারটাইমের সব পাওনা শোধ করা নাহলে তারপর দিন থেকে অবরোধ ও হরতালের মতো কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব।’

তোবা গ্রুপের শ্রমিক  মোহামদ মিরাজ বলেন, ‘ভিক্ষার টাকা দিয়ে বিজিএমইএ চলে। আমরা চলি না। আমাদের পাওনা আমাদের কারখানায় গিয়ে বুঝিয়ে দিতে হবে। যদি আমাদের দাবি মানা নাহয় তাহলে আমরণ অনশন চালিয়ে যাব।’

তোবা গ্রুপের শ্রমিক সুমন বলেন, ‘গত রোববার বিজিএমইএর নেতাদের সঙ্গে মন্ত্রীদের যে বৈঠক হয়েছে, সেখানে আমাদের কোনো প্রতিনিধি ছিল না। দুই মাসের বেতন দেওয়ার যে প্রস্তাব বিজিএমইএ দিয়েছে, সেটা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। তিন মাসের বেতন-বোনাস একসঙ্গে না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

কর্মসূচিতে ছিল বিভিন্ন সংগঠন

বিজিএমইএ ভবন ঘেরাও কর্মসূচিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণতান্ত্রিক বাম মোর্চা, ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা রয়েছেন। সেখানে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট, গার্মেন্টস শ্রমিক সংহতি, গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন, শ্রমিক আন্দোলন, গার্মেন্টস শ্রমিক সভা, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতিসহ বিভিন্ন সংগঠন রয়েছে। 

আজও চলছে অনশন

বকেয়া বেতন-বোনাস ও ওভারটাইমের দাবিতে নবম দিনের মতো অনশন চালিয়ে যাচ্ছেন তোবা গ্রুপের শ্রমিকেরা। রাজধানীর বাড্ডার হোসেন মার্কেটের সপ্তম তলার কারখানায় এ অনশন চলছে। তিন মাসের বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকেরা ঈদের আগের দিন সোমবার থেকে অনশন চালিয়ে যাচ্ছেন। এ পর্যন্ত প্রায় শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।

শ্রমিকদের নিয়ে রাজনীতির অভিযোগ

বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি এস এম মান্নান বলেন, এখন এই তোবা গ্রুপ নিয়ে রাজনীতি শুরু হয়েছে। এই রাজনীতির কারণে শ্রমিকেরা বেতন না নিলে তাঁরাই ক্ষতিগ্রস্ত হবেন। তিনি তোবার সব শ্রমিককে আগামীকাল সকাল ১০টায় এসে বেতন নেওয়ার অনুরোধ জানান।
তোবার শ্রমিকদের বিজিএমইএ ঘেরাও, পুলিশের লাঠিপেটা