কাল সাংসদ হিসেবে শিরীন শারমিনের শপথ

রংপুর-৬ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত স্পিকার শিরীন শারমিন চৌধুরী আগামীকাল বুধবার সকালে সাংসদ হিসেবে শপথ নেবেন।
সংসদ সচিবালয়ের সচিব আশরাফুল মকবুল আজ মঙ্গলবার প্রথম আলোকে এ কথা জানান। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফরিদ আহামদ রংপুর-৬ আসনের উপনির্বাচনে বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। গতকাল সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। শিরীন শারমিন চৌধুরী ছাড়া এ আসনে আর কোনো প্রার্থী ছিলেন না।
আজ মনোনয়নপত্র বাছাই হয়। একক প্রার্থী হিসেবে শিরীন শারমিন চৌধুরীর মনোনয়নপত্রটি বৈধ হওয়ায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
আগামী ৩ ফেব্রুয়ারি রংপুর-৬ আসনের উপনির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। কমিশন সূত্র জানায়, নির্বাচন কমিশন এ-সংক্রান্ত গেজেট সংসদ সচিবালয়ে পাঠিয়েছে। এ ক্ষেত্রে আগামীকাল সকালে তিনি সাংসদ হিসেবে শপথ নিতে পারেন। সংসদ কার্যপ্রণালি বিধি অনুযায়ী, স্পিকার সাংসদ নির্বাচিত হলে তিনি নিজেই নিজের শপথবাক্য পাঠ করবেন।